বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, ‘মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় বিএনপির সব স্তরের নেতাকর্মীরা শোকাহত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজ সায়মার বাবার সাথে দেখা করতে এখানে এসেছি। তিনি এ দুর্ঘটনায় নিহতের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন। আমরা নিহতদের মাগফিরাত কামনা করি এবং যারা আহত তাদের আশু রোগমুক্তি কামনা করি। বিএনপি পরিবার নিহত সায়মার পরিবারের সাথে সুখে-দুঃখে থাকবে। তাদের যেকোনো প্রয়োজনে নেতাকর্মীরা তাদের পাশে থাকবে।’
তিনি শনিবার (২৬ জুলাই) বিকেলে উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত তৃতীয় শ্রেণির ছাত্রী সায়মা আক্তারের গ্রামের বাড়ি গাজীপুরের বিপ্রবর্থা গ্রামে গিয়ে এসব কথা বলেন।
আব্দুল আউয়াল মিন্টু সায়মা আক্তারের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের খোঁজ-খবর নেন। এ সময় নিহত সায়মার বাবা শাহ আলম ও তার স্বজনরা, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



