জীবননগরে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজিকালে আটক ২

কয়েকজন ব্যক্তি নিজেদেরকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে সড়কে বিভিন্ন যানবাহন থামিয়ে অবৈধভাবে টাকা আদায় করছিলেন। এ সময় স্থানীয় জনগণের সন্দেহ হলে তারা ওই ব্যক্তিদের আটক করেন।

আতিয়ার রহমান, জীবননগর (চুয়াডাঙ্গা)

Location :

Jibannagar
চাঁদাবাজিকালে আটক দু’জন এবং উদ্ধার করা মোটরসাইকেল
চাঁদাবাজিকালে আটক দু’জন এবং উদ্ধার করা মোটরসাইকেল |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার জীবননগরে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজিকালে জনতার হাতে দুই যুবক আটক হয়েছেন। বর্তমানে তারা জীবননগর থানা পুলিশ হেফাজতে রয়েছেন।

সোমবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে গোয়ালপাড়া-চ্যাংখালী সড়কের চিংড়ীখালী ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় জীবননগর থানায় মামলার প্রস্তুতি চলছে।

আটকরা হলেন- ঝিনাইদহের কোটচাঁদপুরের গাবতলাপাড়ার আক্কাস আলীর ছেলে আহাদ আলী (৩৫) এবং কোটচাঁদপুর শহরের বাজারপাড়ার ইউসুফ আলী বিশ্বাসের ছেলে রিজভী সালমান (২৯)।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন ব্যক্তি নিজেদেরকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে সড়কে ভ্যান, রিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন থামিয়ে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অবৈধভাবে টাকা আদায় করছিলেন। তারা ডিবি পুলিশের পোশাক (কটি) পরিধান করেন এবং একটি মোটরসাইকেল রাস্তার পাশে রেখে তল্লাশির নামে সাধারণ মানুষকে হয়রানি করছিলেন বলে অভিযোগ রয়েছে। এ সময় স্থানীয় জনগণের সন্দেহ হলে তারা ওই ব্যক্তিদের ঘিরে ফেলেন।

স্থানীয়দের অভিযোগ, আটক হওয়া দু’জনসহ আরো দুই থেকে তিনজন ব্যক্তি ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে সড়কে চাঁদাবাজি করছিলেন। তবে ঘটনাস্থলে জনতা জড়ো হলে তাদের সহযোগী অন্য সদস্যরা পালিয়ে যান। এ সময় উত্তেজিত জনতা তাদেরকে উত্তম-মধ্যম দেন।

জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক দু’জনকে হেফাজতে নেয়। পুলিশের পক্ষ থেকে ঘটনার সাথে জড়িত পলাতক অন্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানানো হয়।

উপজেলার গোয়ালপাড়া গ্রামের আব্দুল মজিদ জানান, গত ১০ মার্চ বিকেল সাড়ে ৩টার দিকে তারা একই স্থানে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তার ছেলে লিখনকে অপহরণ করে নিয়ে যান। তার ছেলের কাছ টাকা না পেয়ে পরে নির্যাতন করে রাস্তায় ফেলে যান তারা।

স্থানীয়দের দাবি, এ চক্রটি বেশ কিছু ধরে একই সড়কে নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে একের পর এক চাঁদাবাজি করে আসছিল। একই সড়কে কয়েক মাস আগে চক্রটির শিকার হন এক ব্যবসায়ী ও মেদিনীপুর গ্রামের এক যুবক। তাদের কাছ থেকে নগদ টাকাসহ বিভিন্ন মালামাল ছিনিয়ে নেয়া হয়েছিল বলে দাবি করা হয়েছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। আটকদের কাছ থেকে ডিবি পুলিশের পোষাক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পলাতকদের গ্রেফতারে তৎপরতা চলছে।