উন্নয়ন নিশ্চিত করতে ধানের শীষে ভোট দিন : হুমায়ুন কবির

রোববার বিকেলে হবিগঞ্জের নবীগঞ্জ শহরের করিম রেস্ট হাউজের সামনে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ (হবিগঞ্জ)

Location :

Habiganj
বক্তব্য রাখছেন হুমায়ুন কবির
বক্তব্য রাখছেন হুমায়ুন কবির |নয়া দিগন্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেছেন, ‘হবিগঞ্জ-১ নির্বাচনী এলাকার মানুষ খুবই ভাগ্যবান। একজন ভালো মানুষ আপনারা প্রার্থী হিসেবে পেয়েছেন। উন্নয়নের জন্য চিন্তা করতে হবে না। তিনি অর্থমন্ত্রী হবেন। তিনি না হয়ে আমিও যদি কোনো মন্ত্রণালয় পাই, তাহলে আপনাদের এলাকার উন্নয়নে পাশে থাকবো। ড. রেজা কিবরিয়া বিজয়ী হলে এবং বিএনপি সরকার গঠন করলে আরো ভালো কিছু পেতে পারেন।’

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে হবিগঞ্জের নবীগঞ্জ শহরের করিম রেস্ট হাউজের সামনে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

হুমায়ুন কবির বলেন, ‘পলাতক ফ্যাসিস্টরা দেশকে ফোকলা করে দিয়ে গেছে। দেশে কোনো আইনের শাসন ছিল না। সাধারণ মানুষের নিরাপত্তা ছিল না। চরম অরাজকতা আর বিশৃঙ্খলায় দেশ নিমজ্জিত ছিল। ২৪-এর গণ-অভ্যুত্থান আমাদের সুযোগ এনে দিয়েছে। দেশনায়ক তারেক রহমান উন্নত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্নের সারথি হতে অবশ্যই বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়াকে বিজয়ী করতে হবে।’

উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পিয়ারের সভাপতিত্বে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ বলেন, ‘সিলেট বিভাগের ১৯টি আসন আমরা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে চাই। দলের প্রতি আনুগত্য থেকে এবং শৃঙ্খলা মেনে সবাইকে একযোগে কাজ করে যেতে হবে। প্রতিটি ভোটকেন্দ্র পাহারায় রাখতে হবে।’

ভোটের ফলাফল নিয়ে ভোটকেন্দ্র ত্যাগ করার আহ্বান জানান তিনি।

এ সময় রেজা কিবরিয়া বলেন, ‘নির্বাচনী এলাকার উন্নয়নের স্বপ্ন এবং পরিকল্পনা নিয়েই এখানে এসেছি। যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে চমক সৃষ্টি হবে। এমন উন্নয়ন হবে, যা মানুষ আগে কখনো দেখেনি। খেলাধুলার উন্নয়নে নির্বাচনী এলাকার দুটো উপজেলায় মডেল স্টেডিয়াম স্থাপন করা হবে। বেকারত্ব গোছাতে বিশেষ উদ্যোগ নেয়া হবে।’

তিনি উপস্থিত সকলকে পরিবার ও স্বজনদের নিয়ে আগামী ১২ই ফেব্রুয়ারি ধানের শীষের বিজয় নিশ্চিত করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিদুল করিম মজিদের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু, পৌরসভার সাবেক মেয়র ছাবির আহমদ চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার লেখক ও সাংবাদিক আবুল কালাম আজাদ ছোটন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা মো: মখলিছুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বয়াতুল্লাহ, সিনিয়র যুগ্ম সম্পাদক অলিউর রহমান অলি, সাংগঠনিক সম্পাদক শাহেদ তালুকদার, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোর্শেদ আহমদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম ইয়াছিনী, যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, ঢাবি ছাত্রদল নেতা মায়েদ, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমদ প্রমুখ।