নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্টসের ওয়েস্টেজ মালামাল নামানোকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ কমপক্ষে দু’জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার এনায়েত নগরের শাসনগাঁও চাঁদনী হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন এনায়েত নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: হোসেন খোকার ছেলে রাকিব (২৩) ও স্থানীয় বিএনপি নেতা রফিক (৪০)।
জানা গেছে, চাঁদনী হাউজিং এলাকায় অবস্থিত ডয়েজল্যান্ড নামের একটি পোশাক কারখানার ওয়েস্টেজ মালামাল নামানোকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির একটি গ্রুপের সাথে যুবদলের অভি-মনির গ্রুপের সংঘর্ষ হয়। এ সময় অভি-মনির গ্রুপের অনুসারীরা ককটেল বিস্ফোরণ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এবং গুলিবর্ষণ করে। এতে রাকিব গুলিবিদ্ধ হন এবং ককটেলের আঘাতে রফিক আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সংঘর্ষ চলাকালে অভি-মনির গ্রুপের সদস্যরা বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এ সময় রাকিব গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
চাঁদনী হাউজিং এলাকার বাসিন্দারা জানায়, সংঘর্ষের সময় অস্ত্রের মহড়া ও গোলাগুলিতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।
ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: হোসেন খোকা বলেন, ‘ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে আগে থেকে অবস্থান নেয়া অভি, মনির, সুমন, জসিমসহ ২০ থেকে ৩০ জন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।’
অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ওয়েস্টেজ মালামাল নিয়ে বিরোধ থেকেই এ সংঘর্ষের সূত্রপাত হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।



