প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন, জিয়া স্মৃতি জাদুঘর, বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্র, চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনগুলো নানা কর্মসূচির আয়োজন করছে।
দলের প্রতিষ্ঠাতার শাহাদতবার্ষিকী উপলক্ষে আগামীকাল শনিবার দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গুনিয়াস্থ প্রেসিডেন্ট জিয়ার প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন এবং খাদ্য ও বস্ত্র বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করবেন চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি।
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ২৫ মে থেকে আগামী ১ জুন পর্যন্ত মোট আট দিনের কর্মসূচির মধ্যে চট্টগ্রামেও কালো ব্যাজ ধারণ, খতমে কোরআন, দোয়া মাহফিল এবং শহীদ জিয়ার কর্মময় জীবনের ওপর আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচিতে দলের স্থানীয় নেতা-কর্মীরা ছাড়াও বিপুল পরিমাণ সাধারণ মানুষ অংশ নিয়েছেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান জানান, প্রেসিডেন্ট জিয়ার ৪৫তম শাহাদতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় কেন্দ্রীয় কর্মসূচির সাথে মিল রেখে পালন করা হচ্ছে। আগামীকাল ৩০ মে (শনিবার) চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় তার প্রথম মাজারে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। পাশাপাশি আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো: ইদ্রিছ বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ চট্টগ্রামের সবগুলো উপজেলাতে কর্মসূচিগুলো পালন করা হচ্ছে।’
উত্তর জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ইউনুচ চৌধুরী বলেন, ‘আশা করছি শনিবার রাঙ্গুনিয়াস্থ জিয়াউর রহমানের প্রথম মাজারে মানুষের ঢল নামবে। উত্তর জেলা বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হবে। পাশাপাশি দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে।
রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার বলেন, ‘জিয়াউর রহমানের মতো মহান নেতার প্রথম মাজার আমাদের রাঙ্গুনিয়ায়। সেজন্য আমরা ধন্য। শনিবার সেখানে লাখো মানুষের সমাগম হবে বলে আশা করছি। আগত মেহমানদের যাতে কোনো ধরণের কষ্ট না হয় সেজন্য দলের পক্ষ থেকে সব প্রস্তুতি নেয়া হয়েছে। রাস্তায় যাতে কোনো ধরনের যানজট সৃষ্টি না হয় সেজন্য প্রশাসনের পাশাপাশি আমাদের কর্মীরাও দায়িত্ব পালন করবেন।’
এদিকে, চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে সার্কিট হাউস সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
চট্টগ্রামস্থ জিয়া স্মৃতি জাদুঘরের উদ্যোগে শনিবার বেলা ১১টায় দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সেখানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দিন এবং জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহীদ জিয়ার শাহাদতবার্ষিকী পালন উপলক্ষে দু’দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এছাড়াও খাবার বিতরণ, ধর্মীয় প্রার্থনা, পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি মহানগর যুবদল ও ছাত্রদল পৃথক কর্মসূচির আয়োজন করবে।
মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু জানান, শনিবার নগরীর থানায় থানায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে। পাশাপাশি মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় দোয়া ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
তিনি আরো জানান, পরদিন ৩১ মে নগরীর ওয়ার্ডে ওয়ার্ডে পরিচ্ছন্নতা এবং বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করা হবে। এদিনও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও বিশেষ প্রার্থনা করা হবে।
অন্যদিকে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী স্মরণে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র।
কেন্দ্রের জেনারেল ম্যানেজার মো: ঈমাম হোসাইন জানান, দিনটি উপলক্ষে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে সম্প্রচারিতব্য উল্লেখযোগ্য অনুষ্ঠানের মধ্যে রয়েছে উল্লেখযোগ্য হল বিশেষ একটি প্রামাণ্যচিত্র। তার জীবন ও কর্ম নিয়ে নির্মিত এই প্রামাণ্য অনুষ্ঠানের নাম ‘স্বাধীনতার ঘোষক জিয়া’। এছাড়া ‘মৃত্যুঞ্জয়ী স্বাধীনতার ঘোষক’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানও থাকবে। সেখানে আলোচক হিসেবে থাকবেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং সিনিয়র সাংবাদিক শাহ নেওয়াজ।
বিটিভি চট্টগ্রাম সূত্রে আরো জানা যায়, দিনটি উপলক্ষে আরো থাকবে কবিতাপাঠ ও সংগীতানুষ্ঠান ‘কমল থেকে শহীদ জিয়া’। বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আমরা কমল কুঁড়ি’। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিভিন্ন উক্তি সংবলিত বিশেষ গ্রাফিক্স ভিডিও এদিন সম্প্রচার করা হবে।
মো: ঈমাম হোসাইন জানান, জুলাই প্রজন্মসহ সব বয়সীদের কাছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের বহুমুখী কর্ম ও জীবন সফলভাবে তুলে ধরতেই এবার নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র।
সূত্র : বাসস



