জ্বালানি তেলের অপচয় ও কৃত্রিম সঙ্কট রোধে পিরোজপুরে চালু করা হয়েছে প্রযুক্তিনির্ভর ‘স্মার্ট ফুয়েল’ অ্যাপ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে শহরের নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন বলেশ্বর ফিলিং স্টেশনে এ অ্যাপের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সাঈদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহম্মেদ সিদ্দিকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ এবং বিআরটিএ’র সহকারী পরিচালক ও সংশ্লিষ্ট ফিলিং স্টেশনের ট্যাগ অফিসার মোবারক হোসেন।
অনুষ্ঠানে অ্যাপটির কার্যক্রম তুলে ধরে এর উদ্ভাবক ওবায়দুল হক রাসেল জানান, ফিলিং স্টেশনে আসা প্রতিটি মোটরসাইকেল বা যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর স্ক্যান করে তথ্য সংরক্ষণ করা হবে। কোনো যানবাহন একবার ৫০০ টাকার পেট্রোল বা অকটেন নেয়ার পর থেকে ৯৬ ঘণ্টা (৪ দিন) জেলার নির্ধারিত পাঁচটি ফিলিং স্টেশন কিংবা অ্যাপভুক্ত অন্য স্টেশন থেকে পুনরায় জ্বালানি নিতে পারবে না।
তার ভাষ্য, এই পদ্ধতির মাধ্যমে একই যানবাহনের বারবার তেল সংগ্রহ বন্ধ হবে, ফলে অযথা ভিড় ও কৃত্রিম সঙ্কট কমে আসবে। পর্যায়ক্রমে জেলার সব ফিলিং স্টেশনে এই অ্যাপ চালুর পরিকল্পনাও রয়েছে। খুব শিগগিরই এর সুফল দৃশ্যমান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উদ্ভাবক আরো জানান, ঝিনাইদহ জেলায় পাইলট প্রকল্প হিসেবে ইতোমধ্যে অ্যাপটি চালু রয়েছে। পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের উদ্যোগে পিরোজপুরে এ প্রযুক্তি চালু করা হয়েছে, যাতে সাধারণ মানুষের ভোগান্তি কমানো যায়।
সংশ্লিষ্টরা মনে করছেন, ‘স্মার্ট ফুয়েল’ অ্যাপ জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে।



