শিবচরে মাদক কারবারিদেরকে ধরিয়ে দিলে পুরস্কারের ঘোষণা হানজালার

‘মাদকের সাথে যদি আমার দলের কেউ জড়িত থাকে কিংবা অন্য কোনো দলের প্রভাবশালী ব্যক্তি জড়িত থাকে, কাউকেই ছাড় দেয়া হবে না। কোনো পরিচয়, কোনো দল, কোনো ব্যক্তি বা যত বড় প্রভাবশালী হোক না কেন কিছুই কাজ হবে না।’

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

Location :

Shibchar
বক্তব্য রাখছেন এমপি সাইদ উদ্দিন আহমাদ হানজালা
বক্তব্য রাখছেন এমপি সাইদ উদ্দিন আহমাদ হানজালা |নয়া দিগন্ত

মাদারীপুরের শিবচর উপজেলায় কোনো মাদক কারবারিকে ধরিয়ে দিতে পারলে নগদ অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছেন মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা।

রোববার (১০ মে) রাতে সাইদ উদ্দিন আহমাদ হানজালার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।

ভিডিও বার্তায় সংসদ সদস্য হানজালা বলেন, ‘এখন থেকে শিবচরে কেউ মাদক কারবারিকে ধরিয়ে দিতে পারলে আমি আমার নিজস্ব তহবিল থেকে তাকে নগদ অর্থ পুরস্কার দেবো। আপনারা আমাকে বিশ্বাস করে ও প্রত্যাশা করে ভোট দিয়েছেন, আর সেই প্রত্যাশা পূরণে আমরা কাজ করে যাচ্ছি। প্রশাসনের সহযোগিতা পেলেও করছি, না পেলেও করছি। আমাদের এ যাত্রা চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব, যতদিন আমরা ক্ষমতায় থাকি বা না থাকি। এটা আমাদের কাজ, আমরা করব।’

হানজালা আরো বলেন, ‘আমরা শিবচরকে মাদকমুক্ত করতে চাই। নির্বাচনের আগে যেমন মাদকবিরোধী অভিযান চালিয়েছি, এখনো তা চালিয়ে যাচ্ছি।’

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘মাদকের সাথে যদি আমার দলের কেউ জড়িত থাকে কিংবা অন্য কোনো দলের প্রভাবশালী ব্যক্তি জড়িত থাকে, কাউকেই ছাড় দেয়া হবে না। কোনো পরিচয়, কোনো দল, কোনো ব্যক্তি বা যত বড় প্রভাবশালী হোক না কেন কিছুই কাজ হবে না। আমি হানজালা ওয়াদা দিচ্ছি, কাউকে কোনো ছাড় দেয়া হবে না। এজন্য মাদকমুক্ত সমাজ গড়তে শিবচরের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে। আপনারা যার যার জায়গা থেকে মাদক কারবারিদের ধরিয়ে দিন। কেউ যদি মাদকসহ কাউকে ধরিয়ে দিতে পারে, আমি নিজে তাকে পুরস্কৃত করব, ইনশাল্লাহ। সে পুরস্কার পেয়ে খুশি হবে, আমি এটুকু বলতে পারি।’