বরগুনার পাথরঘাটা সংলগ্ন বলেশ্বর নদীর পদ্মা এলাকার মাঝের খাল এলাকায় বন বিভাগের গাছের চারা রোপণ কাজে যাওয়ার পথে একটি ইঞ্জিনচালিত নৌকা (ট্রলার) ডুবে জাহাঙ্গীর (৪৫) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।
বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সদর ইউনিয়নের পদ্মা স্লুইস সংলগ্ন বলেশ্বর নদীর মাঝের খাল এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ শ্রমিক জাহাঙ্গীর একই ইউনিয়নের পশ্চিম বাদুরতলা এলাকার মরহুম ছাহেদ হাওলাদারের ছেলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত জাহাঙ্গীরকে খুঁজে পাওয়া যায়নি।
ট্রলারের মাঝি ইব্রাহিম জানান, বন বিভাগের চারা রোপণ কাজে অংশ নিতে আটজন শ্রমিক পদ্মা স্লুইস এলাকা থেকে রওনা দেন। পথের মধ্যে মাঝের খাল এলাকায় পৌঁছালে হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে নদীতে ঢেউয়ের সৃষ্টি হয়। এতে মুহূর্তেই ট্রলারটি উল্টে গেলে গোপজালের খুঁটি ধরে ভেসে থাকার চেষ্টা করেন শ্রমিকরা।
এ সময় একবার জাহাঙ্গীরকে দেখা গেলেও পরে ঢেউয়ের মধ্যে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে পাশ দিয়ে যাওয়া একটি ট্রলার এসে অন্যদের উদ্ধার করে। ঘটনার পরপরই আট থেকে ১০টি ট্রলার নিয়ে নিখোঁজ জাহাঙ্গীরকে উদ্ধারে তল্লাশি শুরু করেন স্থানীয়রা। পাশাপাশি বন বিভাগ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে থেকে উদ্ধার অভিযান চালাচ্ছে।
বন বিভাগের পাথরঘাটা রেঞ্জের কর্মকর্তা বদিউজ্জামান সোহাগ জানান, ঘটনা জানার সাথে সাথেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কোস্ট গার্ডকে অবহিত করা হয়েছে। এরপর তিনি নিজেই বন বিভাগের টিম নিয়ে ঘটনাস্থলে গিয়ে নদীতে নিখোঁজ জাহাঙ্গীরকে খোঁজার কার্যক্রম শুরু করেন। জাহাঙ্গীর সদর ইউনিয়নের চরলাঠিমারা ইউনিটের সাথে নিয়মিত কাজ করতেন।
তিনি আরো জানান, বর্তমানে বন বিভাগসহ সংশ্লিষ্ট সকল সংস্থার সমন্বয়ে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।



