চুয়াডাঙ্গার জীবননগরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণের দায়ে একটি বেসরকারি ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে ক্লিনিকটিকে জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, জীবননগর পৌর এলাকার মনোয়ারা সনো সেন্টার অ্যান্ড নার্সিং হোমে অভিযান চালায় ভোক্তা অধিকার। এ সময় ক্লিনিকটির অপারেশন থিয়েটারের ভেতরে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়, যা রোগীদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভোক্তা অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, স্বাস্থ্যসেবা খাতে এ ধরনের অবহেলা কোনোভাবেই মেনে নেয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফাহমিদা আক্তার রুনা বলেন, ‘জনস্বাস্থ্য রক্ষায় বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই নিয়ম-নীতির মধ্যে থেকে সেবা প্রদান করতে হবে। অন্যথায় আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ভোক্তাদেরও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।’



