শরীয়তপুরের জাজিরায় সুপার সার্ভিস বাসের পেছনের চাকায় চাপা পড়ে আহত বৃদ্ধ হকার রুহুল আমিন দেওয়ানের (৭২) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, একইদিন সকাল সাড়ে ৯টার দিকে জাজিরা পুরাতন বাজার বাসস্ট্যান্ডে আব্দুল হামেদ আকনের মুদি দোকানের সামনে বাসচাপায় তিনি গুরুতর আহত হন।
নিহত রুহুল আমিন দেওয়ান জাজিরা পৌরসভার কবিরাজ কান্দি এলাকার মরহুম মহর আলী দেওয়ানের ছেলে। গত রমজানে তার স্ত্রী মারা গেছেন। তার একটা ছেলে অসুস্থ আর একটা মেয়ে আছে অবিবাহিত। পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি হিসেবে দীর্ঘদিন ধরে তিনি হকারি করে জীবিকা নির্বাহ করে আসছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নড়িয়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা শরীয়তপুর সুপার সার্ভিস বাসে হকারি করতে করতে জাজিরা পুরাতন বাজার বাসস্ট্যান্ডে পৌঁছান রুহুল আমিন। বাস থেকে নামার সময় অসাবধানতাবশত তিনি বাসটির পেছনের চাকায় চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি বিবেচনায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
ঘটনার পর জাজিরা থানার পুলিশের উপ-পরিদর্শক কামরুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেন।
উপ-পরিদর্শক কামরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর বাসটির চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পুলিশ বাসটি হেফাজতে নিয়েছে।



