কুমিল্লায় দেয়াল ধসে হোটেল ম্যানেজারের মৃত্যু

খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে উদ্ধার অভিযান চালায়।

জাকির হোসেন, চান্দিনা (কুমিল্লা)

Location :

Chandina
ছবি : নয়া দিগন্ত

কুমিল্লার চান্দিনা ও দেবীদ্বার উপজেলার সীমান্তবর্তী বাগুর এলাকায় একটি গোডাউনের দেয়াল ধসে মো: আব্দুস সামাদ (৭০) নামে এক খাবার হোটেলের ম্যানেজারের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা-বাগুর বাস স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত মো: আব্দুস সামাদ দেবীদ্বার উপজেলার গুনাইগর ইউনিয়নের শাকতলা-মাসিকাড়া গ্রামের বাসিন্দা। তিনি চান্দিনা-বাগুর বাস স্টেশনের সৈনিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, হোটেলের দক্ষিণ পাশে অবস্থিত মেসার্স মনিরুল এন্টারপ্রাইজের একটি টিনের দোকানের গোডাউন রয়েছে। ওই গোডাউনের দেয়ালের সাথে ঘেঁষে টিন রাখার কারণে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। একপর্যায়ে দেয়ালটি ধসে হোটেলের ভেতরে পড়ে যায়। এতে হোটেল ভবন ও টিনের গোডাউনের পুরো অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই আব্দুস সামাদের মৃত্যু হয়।

ঘটনার সময় হোটেলে থাকা অন্য কর্মচারী ও ক্রেতারা দ্রুত বাইরে বেরিয়ে যেতে সক্ষম হওয়ায় আর কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী মোবারক জানান, গোডাউনের দেয়ালের পাশে দীর্ঘদিন ধরে টিন রাখা ছিল। তাই দেয়ালটি দুর্বল হয়ে পড়েছিল। হঠাৎ শব্দ করে দেয়ালটি ভেঙে পড়ে।

খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে উদ্ধার অভিযান চালায়।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা তাৎক্ষণিক এসে উদ্ধার অভিযান পরিচালনা করি। হোটেল ম্যানেজার ছাড়া আর কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তদন্ত করে বের করতে হবে।’