বাকেরগঞ্জে কলেজছাত্র সজীবের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

শনিবার (২৮ মার্চ) সকাল ৯টার দিকে জমি নিয়ে বিরোধের জের ধরে হামলা ও ভাঙচুর চালিয়ে সজিবসহ পাঁচজনকে আহত করে প্রতিপক্ষরা। মস্তিষ্কে রক্তক্ষরণ হলে গুরুতর আহত অবস্থায় সজিবকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।

আতাউর রোমান, বাকেরগঞ্জ (বরিশাল)

Location :

Bakerganj
কলেজছাত্র সজীবের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
কলেজছাত্র সজীবের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন |নয়া দিগন্ত

বরিশালের বাকেরগঞ্জে কলেজছাত্র সাইদুল ইসলাম সজিবের (২৪) হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে কালিগঞ্জ বাজার সড়কে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে নিহত সজিবের পরিবারসহ সহপাঠী, বন্ধু ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা এবং এলাকাবাসী অংশ নেন।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়। কালিগঞ্জ বাজারে মানববন্ধনে বিক্ষোভকারীরা সজিবের হত্যার প্রতিবাদে এবং জড়িত ব্যক্তিদের গ্রেফতারসহ ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৮ মার্চ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সন্ত্রাসী মিলন খানের নেতৃত্বে কলেজছাত্র সাইদুল ইসলাম সজিবকে পিটিয়ে হত্যা করলেও পুলিশ এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করেনি। উল্টো পুলিশ আসামি পক্ষের কাছ থেকে টাকা নিয়ে নিহত সজিবসহ তার পরিবারের ১০ জনের নামে একটি মিথ্যা মামলা নিয়েছে। পুলিশ আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারী আসামিদের গ্রেফতার না করলে থানা ঘেরাওসহ কঠোর কর্মসূচি পালন করা হবে।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার কে এম সোহেল রানা বলেন, সজিব হত্যায় একজন আসামিকে গ্রেফতার হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

উল্লেখ্য, শনিবার (২৮ মার্চ) সকাল ৯টার দিকে জমি নিয়ে বিরোধের জের ধরে হামলা ও ভাঙচুর চালিয়ে সজিবসহ পাঁচজনকে আহত করে প্রতিপক্ষরা। মস্তিষ্কে রক্তক্ষরণ হলে গুরুতর আহত অবস্থায় সজিবকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত দেড়টায় তিনি মারা যান।

সজিবের বাবা আবুল হোসেন খান আটজনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। নিহত সাইদুল ইসলাম সজিব বরিশাল সরকারি কলেজ থেকে এ বছর অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা দিয়েছেন।