পটুয়াখালীর বাউফলে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ৪ মার্চ ) দুপুরে উপজেলার কনকদিয়া বাজার ব্রিজসংলগ্ন স্থানে স্থানীয় সর্বস্তরের মানুষ ব্যানার-ফেস্টুন নিয়ে এ কর্মসূচিতে অংশ নেন।
বক্তারা বলেন, মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং তরুণ প্রজন্মকে বিপথগামী করছে। পরিবার, শিক্ষা ও সামাজিক মূল্যবোধ রক্ষায় মাদকের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই।
তারা উল্লেখ করেন, পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ ৬০ দিনের মধ্যে মাদক নির্মূলের ঘোষণা দিয়েছেন। তবে এ লক্ষ্য অর্জনে জনপ্রতিনিধিদের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা প্রয়োজন বলেও মত দেন তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাউফল উপজেলা কর্মপরিষদের সদস্য মাওলানা এস ডি আব্দুল্লাহ শিবলী। সভাপতিত্ব করেন কনকদিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আল আমিন বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কনকদিয়া বাজার জামে মসজিদের সভাপতি নজরুল ইসলাম, জামায়াতে ইসলামী কনকদিয়া ইউনিয়নের সভাপতি মাওলানা আব্দুল করিম, খতিব মাওলানা শাখাওয়াত হোসেন, ৮ নম্বর ওয়ার্ড সভাপতি আবুল কালাম আকন এবং যুবদল নেতা রফিকুল ইসলাম।
মানববন্ধনে প্রশাসন, অভিভাবক, শিক্ষক ও ধর্মীয় নেতাদের আরো সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।



