নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা
শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের দুই দিন পর সানজিদা আক্তার (১১) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (৮ মে) বিকেলে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা গ্রামের একটি টয়লেট থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সানজিদা উপজেলার পানিহাতা এলাকার বাসিন্দা আমিনুল ইসলামের মেয়ে।
পুলিশ ও একাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৭ মে) বিকেলে সানজিদা পাশের বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। আত্মীয়-স্বজনের বাড়িসহ আশপাশের এলাকায় না পেয়ে মাইকিং করেও তার সন্ধান মেলেনি।
একপর্যায়ে প্রতিবেশী বিল্লাল সানজিদাকে হত্যা করে নিজেদের টয়লেটে লুকিয়ে রাখার কথা মোবাইলফোনে সানজিদার আত্মীয়-স্বজনকে জানান। এরপর স্থানীয়রা শুক্রবার সন্ধ্যায় টয়লেটে শিশুটির লাশ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
ঘটনার পর পুলিশ অভিযুক্ত বিল্লালের বাবা চান মিয়া, মা তহুরা বেগম ও বোন রাবিয়াকে আটক করে।
এলাকাবাসী জানান, চার বছর বয়সে সানজিদার মা মারা যায়। বাবা আমিনুল ইসলাম মানসিক ভারসাম্যহীন হওয়ায় দীর্ঘদিন ধরে নানার বাড়িতেই বড় হচ্ছিল সে। অসহায় এ শিশুর এমন মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্থানীয়রা।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, নিহত সানজিদার খালা থানায় মামলা করেছেন। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।



