শেরপুরের শ্রীবরদীতে ট্রাঙ্কের ভেতর থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১ এপ্রিল) সকালে শ্রীবরদী পৌরসভার তাতিহাটি নয়াপাড়া এলাকার ঢালিবাড়ি মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বুধবার সকালে একটি পিকআপ ভ্যান থেকে কে বা কারা একটি তালাবদ্ধ ট্রাঙ্ক নামিয়ে রেখে চলে যায়। এ নিয়ে জনমনে কৌতুহল সৃষ্টি হয়। ট্রাঙ্কের কাছে যেতেই দুর্গন্ধ পাওয়া যায়। পরে স্থানীয়রা শ্রীবরদী থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাঙ্কের তালা ভেঙে লাশ দেখতে পায়। লাশটি বিছানার তোশক ও প্লাস্টিকের বস্তা দিয়ে মোড়ানো অবস্থায় ট্রাঙ্কের ভিতরে ছিলো। তবে লাশটি ফুলে যাওয়ায় চেহারা বোঝা যাচ্ছিল না।
প্রত্যক্ষদর্শী বিনা বেগম বলেন, ‘সকালে একটি পিকআপ ভ্যান থেকে কয়েকজন ব্যক্তি ট্রাঙ্কটি এখানে নামায়। তাদের জিজ্ঞেস করলে তারা বলে, পরে এসে ট্রাঙ্ক নিয়ে যাবো।’
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে এখনো লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।’



