বাউবিতে ৫ বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনে ভিসি

বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞানচর্চার জায়গা নয়, মূল্যবোধ-সচেতনতা তৈরির কেন্দ্র

‘প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা বাস্তবায়নে আমরা কাজ করছি। তারই অংশ হিসেবে বাউবির মূল ক্যাম্পাসের পাশাপাশি ১২টি আঞ্চলিক ও ৬৩টি উপ-আঞ্চলিক কেন্দ্রে একযোগে এই কর্মসূচি শুরু হয়েছে।’

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
বাউবিতে বৃক্ষরোপণ কর্মসূচিতে ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান
বাউবিতে বৃক্ষরোপণ কর্মসূচিতে ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান |নয়া দিগন্ত

​‘প্রতিটি চারা হোক গ্রিন ক্যাম্পাসের নতুন স্বপ্নের সূচনা’—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) দীর্ঘমেয়াদী ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-২০৩০’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকালে গাজীপুরের বোর্ডবাজারে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি।

তিনি একটি নিম গাছের চারা রোপণ করে কর্মসূচির শুভ উদ্বোধন করেন। একই সময়ে বাউবি ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান একটি বারোমাসি আমড়া গাছের চারা রোপণ করেন।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. আনিসুর রহমান এবং প্রো-ভিসি অধ্যাপক ড. মো: সিরাজুল ইসলামও বৃক্ষরোপণ করেন।

উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কনফারেন্স হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এম মঞ্জুরুল করিম রনি বলেন, ‘প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা বাস্তবায়নে আমরা কাজ করছি। তারই অংশ হিসেবে বাউবির মূল ক্যাম্পাসের পাশাপাশি ১২টি আঞ্চলিক ও ৬৩টি উপ-আঞ্চলিক কেন্দ্রে একযোগে এই কর্মসূচি শুরু হয়েছে। পরিবেশ সুরক্ষা ও ‘গ্রিন ক্যাম্পাস’ গড়ার লক্ষ্যে এই কার্যক্রম আগামী পাঁচ বছর চলমান থাকবে।’

তিনি বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ গড়ে তুলতে এই উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞানচর্চার জায়গা নয়, বরং মূল্যবোধ ও সচেতনতা তৈরির কেন্দ্র। আমরা বাউবিকে পরিবেশ সংরক্ষণে একটি অনুকরণীয় প্রতিষ্ঠানে পরিণত করতে চাই।’

তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের অন্তত একটি করে গাছ রোপণ ও তার যথাযথ পরিচর্যার দায়িত্ব নেয়ার নির্দেশ দেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টি.এম আহমেদ হুসেইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভিসি অধ্যাপক ড. আনিসুর রহমান ও প্রো-ভিসি অধ্যাপক ড. মো: সিরাজুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন বৃক্ষরোপণ কমিটির আহ্বায়ক ও কৃষি ও পল্লী উন্নয়ন স্কুলের ডিন। অনুষ্ঠানে পরিবেশ দিবসের ওপর কবিতা আবৃত্তি করেন ড. আলো আরজুমান বানু।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সকল আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে যুক্ত ছিলেন।