চুয়াডাঙ্গায় জ্বালানি তেলের সঙ্কটের মধ্যেই নতুন করে কড়াকড়ি আরোপ করা হয়েছে মোটরসাইকেল চালকদের ওপর। এখন থেকে হেলমেট, ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেলের বৈধ রেজিস্ট্রেশন ছাড়া কোনোভাবেই তেল দেয়া হচ্ছে না বলে জানিয়েছেন পাম্প সংশ্লিষ্টরা।
এদিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নানামুখী উদ্যোগের ফলে জ্বালানি তেলের বাজারে ফিরছে শৃঙ্খলা বলেও জানিয়েছেন পাম্প মালিকসহ সচেতন ব্যক্তিরা।
মঙ্গলবার (২৪ মার্চ) শহরের বিভিন্ন পেট্রল পাম্প ঘুরে দেখা গেছে, তেল নিতে আসা অনেক চালক প্রয়োজনীয় কাগজপত্র ও হেলমেট না থাকায় ফিরে যাচ্ছেন। এতে ভোগান্তি আরো বেড়েছে সাধারণ মানুষের।
পাম্পগুলোতে দায়িত্বরত কর্মীরা জানান, প্রশাসনের নির্দেশনা অনুযায়ী নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে এই নিয়ম কার্যকর করা হয়েছে। বিশেষ করে তেলের সঙ্কটের সময় যাতে অবৈধ বা অনিয়ন্ত্রিতভাবে তেল বিক্রি না হয়, সে জন্যই এ ব্যবস্থা নেয়া হয়েছে।
তবে ভুক্তভোগী চালকদের অভিযোগ, একদিকে তেলের সঙ্কট, অন্যদিকে হঠাৎ করে কঠোর নিয়ম দুটোরই চাপে পড়েছেন তারা। অনেকেই প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে না থাকায় তেল পাচ্ছেন না।
নাম প্রকাশ না করে এক মোটরসাইকেল চালক বলেন, তেলই পাওয়া যাচ্ছে না, তার ওপর আবার লাইসেন্স-রেজিস্ট্রেশন দেখাতে হচ্ছে। হেলমেট না থাকলেও দিচ্ছে না। এখন চলাচল করাই কঠিন হয়ে গেছে।
সেলিম নামের আরেকজন চালক বলেন, হঠাৎ করে এই নিয়ম করায় আমরা বিপদে পড়েছি। আগে থেকে জানালে অন্তত প্রস্তুতি নিয়ে পাম্পে আসতে পারতাম।
পাম্প মালিকরা বলছেন, সীমিত সরবরাহের কারণে তারা যাচাই-বাছাই করে তেল দিচ্ছেন। এতে করে অপ্রয়োজনীয় ভিড় কমানো এবং সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্ভব হচ্ছে।
এদিকে জেলার প্রায় প্রতিটি পাম্পে দুই-তিনজন ট্রাফিক পুলিশ সদস্য এর একটি টিম এসব কাগজপত্র চেক করছেন।
চুয়াডাঙ্গা শহরের অ্যাকাডেমি মোড় সংলগ্ন হক ফিলিং স্টেশন কাগজপত্র যাচাই-বাছাইচালে সার্জেন্ট নবাব বলেন- নতুন নির্দেশনা অনুযায়ী ট্রাফিক পুলিশের পক্ষ থেকে তেলপাম্প গুলোতে আমরা তেল কিনতে আসাদের গাড়ির কাগজপত্র যাচাই-বাছাই করছি। হেলমেট আছে কিনা দেখছি। তেলের সঙ্কটের সময় যাতে অনিয়ন্ত্রিতভাবে তেল বিক্রি না হয়।
এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, জেলায় জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিত তদারকি করা হচ্ছে। সংকটের কারণে কিছু পাম্পে সাময়িক সমস্যা দেখা দিলেও দ্রুত সমাধানের চেষ্টা চলছে।
তিনি বলেন, পাম্পগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে এবং নিরাপত্তার স্বার্থে মোটরসাইকেল চালকদের ক্ষেত্রে হেলমেট, ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন যাচাই করে তেল দেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। এতে করে অনিয়ম কমবে এবং প্রকৃত ব্যবহারকারীরা অগ্রাধিকার পাবেন।
জেলা প্রশাসক আরো বলেন, কোথাও কৃত্রিম সঙ্কট সৃষ্টি বা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।



