ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে বৃহস্পতিবার বিকেলে পৌরসভার উন্নয়ন কাজ চলাকালে মাটি খননের সময় প্রায় ১৫টি পুরনো মাটির কলসি পাওয়াকে ঘিরে এলাকায় তুলকালাম কাণ্ড ঘটেছে। গুপ্তধন পাওয়ার খবরে এলাকায় দেখা দেয় ব্যাপক চাঞ্চল্য। গুপ্তধন পাওয়ার খবরে বিভিন্ন স্থান থেকে শত শত মানুষ ভিড় করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে , সড়ক ও ড্রেনেজ উন্নয়ন কাজের অংশ হিসেবে শ্রমিকরা খনন কাজ করার সময় মাটির নিচে একের পর এক পুরনো মাটির কলসি বেরিয়ে আসতে থাকে। প্রথমে শ্রমিকরা হকচকিয়ে যান। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে কৌতূহলী মানুষ ঘটনাস্থলে ভিড় করতে শুরু করেন। অনেকেই ধারণা করেন, কলসিগুলোর ভেতরে হয়তো গুপ্তধন বা মূল্যবান কোনো বস্তু থাকতে পারে।
পরে কলসিগুলো পরীক্ষা করে দেখা যায়, সেগুলোর ভেতরে কোনো ধরনের স্বর্ণালংকার, মুদ্রা বা মূল্যবান ধন-সম্পদ পাওয়া যায়নি। ফলে গুপ্তধনের বিষয়টি গুজব বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। রহস্যের জাল ছড়িয়ে পড়ে চারদিকে। কেউ কেউ আবার ভিন্ন বক্তব্যও দেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, অতীতে গ্রামাঞ্চলে মাটির কলসি বিভিন্ন কাজে ব্যবহার করা হতো। অনেক সময় খাবার সংরক্ষণ বা গৃহস্থালির প্রয়োজনে এসব কলসি মাটির নিচে পুঁতে রাখা হতো। দীর্ঘদিন পর খননের সময় সেগুলো সম্ভবত বের হয়ে এসেছে। বিষয়টি নিয়ে অযথা গুপ্তধনের গুজব না ছড়ানোর আহ্বান জানান তারা।
এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় কিছু সময়ের জন্য কৌতূহলী মানুষের ভিড় দেখা গেলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ঘটনাটি নিতান্তই কাকতালীয়।



