ঈদে টানা ১০ দিন তামাবিল স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানিসহ বন্দরের সকল কার্যক্রম।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
তামাবিল স্থলবন্দর
তামাবিল স্থলবন্দর |নয়া দিগন্ত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটের তামাবিল স্থলবন্দরে আমদানি-রফতানিসহ বন্দরে অভ্যন্তরীণ সব কার্যক্রম ১০ দিন বন্ধ থাকবে। তবে স্বাভাবিক থাকবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু’দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার।

সোমবার (২ জুন) সন্ধ্যায় সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের বরাত দিয়ে দৈনিক নয়া দিগন্তকে এ তথ্য নিশ্চিত করেছেন তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, ‘জেলা আমদানিকারক গ্রুপের পক্ষ থেকে তামাবিল স্টেশনে ৫ জুন থেকে ১৫ জুন পর্যন্ত আমদানি-রফতানি বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। তবে আমরা সরকারি খোলার দিন অর্থাৎ ১৪ জুন স্থলবন্দর চালু রাখব।’

তামাবিল স্থলবন্দর সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভারতের সাথে আগামী বৃহস্পতিবার (৫ জুন) থেকে শনিবার (১৪ জুন) পর্যন্ত টানা ১০ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানিসহ বন্দরের সকল কার্যক্রম। আগামী ১৫ জুন রোববার থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিকভাবে চালু করা হবে।

তবে তামাবিল ইমিগ্রেশন সূত্র জানিয়েছে, কোরবানির ঈদ উপলক্ষে এ বন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দু’দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।’