ভোটার ও সংখ্যালঘুদের ভয়ভীতি প্রর্দশনের অভিযোগ

পটিয়ায় জামায়াতের প্রার্থী ডা: ফরিদের জরুরি সংবাদ সম্মেলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ পটিয়া আসনের ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, নগদ অর্থ বিতরণ, রেশন কার্ডসহ বিভিন্ন প্রলোভনের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে।

পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Patiya
পটিয়ায় জামায়াতের প্রার্থী ডা: ফরিদের জরুরি সংবাদ সম্মেলন
পটিয়ায় জামায়াতের প্রার্থী ডা: ফরিদের জরুরি সংবাদ সম্মেলন |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ পটিয়া আসনের ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, নগদ অর্থ বিতরণ, রেশন কার্ডসহ বিভিন্ন প্রলোভনের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তুলে ধরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন ১১ দলীও জোট সমর্থীত বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের জাতীয় সংসদ সদস্য প্রার্থী ডা: মো: ফরিদুল আলম।

আজ বুধবার (১১ জানুয়ারি) দুপুরে পটিয়া পৌর সদরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ডা: ফরিদুল আলম বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে একটি প্রভাবশালী রাজনৈতিক দলের পক্ষ থেকে পটিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভোটারদের হুমকি প্রদান, নগদ টাকা বিতরণ এবং নানা প্রলোভনের মাধ্যমে ভোট কেনার অপচেষ্টা চালানো হচ্ছে। এতে সাধারণ ভোটারদের পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, সম্প্রতি বিভিন্ন এলাকায় প্রকাশ্যে নগদ অর্থ বিতরণ করে ভোট প্রভাবিত করার চেষ্টা চলছে। একই সাথে অতীতের ইউনিয়ন পরিষদ কার্যক্রমের সূত্র ধরে কিছু এলাকায় স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণকে ভোট প্রদানের সাথে শর্তযুক্ত করার অভিযোগ পাওয়া গেছে। এর ফলে ভোটারদের স্বাধীনভাবে ভোট দেয়ার সাংবিধানিক অধিকার মারাত্মকভাবে ক্ষুন্ন হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, এসব অনিয়ম ও ভয়ভীতির কারণে অনেক ভোটার নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত এবং ভোটকেন্দ্রে যেতে অনীহা প্রকাশ করছেন। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের মধ্যে এই উদ্বেগ বেশি পরিলক্ষিত হচ্ছে বলে দাবি করা হয়।

ডা: ফরিদুল আলম বলেন, ভোট প্রদান করা প্রতিটি নাগরিকের মৌলিক ও সাংবিধানিক অধিকার। এই অধিকারে যারা হস্তক্ষেপ করছে, তাদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে।

তিনি এ বিষয়ে প্রশাসন, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সংবাদ সম্মেলন থেকে তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সকল ভয়ভীতি ও প্রলোভন উপেক্ষা করে আগামী ১২ ফেব্রুয়ারি নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজ নিজ পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট দেয়ার মাধ্যমে নির্বাচনকে গ্রহণযোগ্য গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে জানান।

সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন- জামায়াত প্রার্থীর প্রধান নির্বাচনী অ্যা্জেন্ট শাহজাহান মুহাম্মদ মহিউদ্দীন, জামায়াত নেতা গাজী আসলাম, উপজেলা জামায়াতের আমির জসিম উদ্দিন, পৌরসভা আমির সেলিম উদ্দিন, অ্যাডভোকেট সুমন, হাসমত আলী, উপজেলা শিবির সভাপতি মাহবুব উল্লাহ্, উপজেলা জামায়াত সেক্রেটারি আনোয়ার হোসেন, পৌরসভা জামায়াত সেক্রেটারি রাশেদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম, অ্যাডভোকেট ওমর ফারুক, এলডিপি নেতা ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ, জামাল উদ্দিন, মাহবুব হোসেস ও মো: দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।