খুলনা মহানগরীর সোনাডাঙ্গায় গৃহকর্মীকে ‘কড়াইয়ের ছ্যাঁকা’ দিয়ে নির্যাতনের মামলায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সঞ্জয় মিত্র ও তার স্ত্রী সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পপি মিত্রকে গ্রেফতার দেখানো হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে ভুক্তভোগী গৃহকর্মীর মা সোনাডাঙ্গা মডেল থানায় মামলাটি করেন।
বিষয়টি নিশ্চিত করে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রফিকুল ইসলাম জানান, ভোরে ভুক্তভোগীর মা নরসিংদী থেকে খুলনায় এসে থানায় মামলা করেন। মামলার পর পুলিশ দম্পতিকে গ্রেফতার দেখানো হয়েছে। নির্যাতনের শিকার গৃহকর্মীকে চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে বুধবার দুপুরে সোনাডাঙ্গা আবাসিক এলাকার সোলার পার্ক-সংলগ্ন একটি ভাড়া বাসায় গৃহকর্মীর ওপর নির্যাতনের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানালা দিয়ে দেখতে পান, গরম কড়াই দিয়ে মেয়েটির মুখ ও শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেয়া হচ্ছে। যন্ত্রণায় মুখ ফিরিয়ে নেয়ার চেষ্টা করলে তাকে কান ধরে ওঠবসও করানো হয়।
স্থানীয়দের অভিযোগ, হাত থেকে তরকারি পড়ে যাওয়াকে কেন্দ্র করে গৃহকর্মীর ওপর এ নির্যাতন চালান গৃহকর্ত্রী।
তারা আরো জানান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সঞ্জয় মিত্র ও তার স্ত্রী পপি মিত্র প্রায়ই ওই গৃহকর্মীর ওপর শারীরিক নির্যাতন চালাতেন। ভুক্তভোগীর শরীরের বিভিন্ন স্থানে পুরোনো আঘাতের চিহ্নও দেখা গেছে।
স্থানীয়রা পুলিশকে ফোন করে কিশোরীকে উদ্ধারের আবেদন জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে যায়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।



