চট্টগ্রামের মিরসরাইয়ে নিজের ফসলি জমি থেকে চৌধুরী মিয়া (৪০) নামে এক কৃষকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৮ নম্বর দূর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘি বাজারের উত্তর পাশে একটি ইটভাটা সংলগ্ন ফসলি জমি থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
নিহত কৃষক চৌধুরী মিয়া দূর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘি এলাকার বাসিন্দা। পেশায় তিনি একজন কৃষক ছিলেন। ঠিক কী কারণে তিনি হত্যার শিকার হয়েছেন পরিবারের সদস্যরা কিছু জানাতে পারেননি।
স্থানীয়রা জানান, নিহতের শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের চিহ্ন রয়েছে। এছাড়া গামছা দিয়ে দুই পা বাঁধা ছিল।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, ঠাকুরদীঘি এলাকায় এক কৃষকের লাশ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে তদন্ত চলছে।



