রাজশাহীতে ধানক্ষেতে মিলল চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর লাশ

রোববার রাতে দাদা শামসুল হুদার সাথে ধরমপুর জামে মসজিদে তারাবির নামাজ আদায়ের উদ্দেশে বাড়ি থেকে বের হয় আদিব। কিন্তু রাত পেরিয়ে গেলেও সে বাড়ি ফেরেনি।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
মৃত আদিব আহনাফ
মৃত আদিব আহনাফ |নয়া দিগন্ত

রাজশাহীর পবায় একটি ধানক্ষেত থেকে আদিব আহনাফ (১১) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২ মার্চ) সকালে উপজেলার দর্শনপাড়া ইউনিয়নের বিল ধরমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আদিব ওই এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে। সে বিল ধরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

কর্ণহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাবিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে দাদা শামসুল হুদার সাথে ধরমপুর জামে মসজিদে তারাবির নামাজ আদায়ের উদ্দেশে বাড়ি থেকে বের হয় আদিব। কিন্তু রাত পেরিয়ে গেলেও সে বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। সোমবার ভোরে স্থানীয় কয়েকজন কৃষক ধানক্ষেতে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, নিহতের পরনে পাঞ্জাবি ও প্যান্ট ছিল। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি তাদের। আর প্যান্টের বেল্ট খুলে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয় বলে ধারণা করছেন তারা।

এ বিষয়ে নিহতের মামা মো: মোকছেদ আলী বলেন, ‘এটি একটি পরিকল্পিত হত্যা। আমার ভাগ্নেকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

তিনি জানান, পরিবারের পক্ষ থেকে কর্ণহার থানায় হত্যা মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।

থানার ওসি হাবিবুর রহমান বলেন, ‘লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে হত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা করা হবে।’