চকরিয়া (কক্সবাজার):
উৎসবমুখর পরিবেশে চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ মে) সকালে বিদ্যালয় মাঠে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে চলে এ অনুষ্ঠান। ১৯৩০ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানের ইতিহাসে প্রথমবারের মতো বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এমন বৃহৎ পরিসরের পুনর্মিলনীর আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক আহমদ কবিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ১৯৬৪ ব্যাচ থেকে শুরু করে সাম্প্রতিক সময়ের দেশ-বিদেশে অবস্থানরত অসংখ্য প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন। প্রাক্তন শিক্ষার্থীদের এক ছাতার নিচে নিয়ে আসতে আয়োজক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অ্যাডভোকেট ফয়জুল কবির।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন বিদ্যালয়ের বিভিন্ন সময়ের কৃতী ও প্রতিষ্ঠিত প্রাক্তন শিক্ষার্থীরা। তারা শিক্ষাজীবনের স্মৃতি, বিদ্যালয়ের অবদান এবং বর্তমান প্রজন্মের প্রতি বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়। দিনব্যাপী আয়োজনে ছিল আড্ডা, স্মৃতিচারণ, শুভেচ্ছা বিনিময় এবং সাংস্কৃতিক পরিবেশনা।
সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



