বরেন্দ্র এক্সপ্রেস বিকল হওয়ার ৩ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

আকস্মিক এই বিভ্রাটের কারণে পার্বতীপুর, সান্তাহার, রাজশাহী ও ঢাকাগামী রুটসহ উত্তরাঞ্চলের সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সাময়িক এই স্থবিরতায় আশপাশের বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

নয়া দিগন্ত অনলাইন
বিকল হওয়া বরেন্দ্র এক্সপ্রেস
বিকল হওয়া বরেন্দ্র এক্সপ্রেস |ইউএনবি

জয়পুরহাটে আকস্মিক বিকল হওয়া আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের কয়েল স্প্রিং ও বডি মেরামত করে ৩ ঘণ্টা পর ট্রেনটি চালু হওয়ায় উত্তরাঞ্চলের সব লাইনে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

আজ শনিবার বেলা ১১টা ২০মিনিটে ট্রেনটি রাজশাহীর উদ্দেশে যাত্রা করে।

এর আগে, সকাল ৮টা ৪০মিনিটের দিকে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী এ ট্রেনটি জয়পুরহাটের পুরানাপৈল রেলগেট এলাকা পার হওয়ার পরপরই বিকল হয়ে যায়। ট্রেনের একটি বগির কয়েল স্প্রিং ও বডি ভেঙে নিচে নেমে যায়। এতে ট্রেনটি রেললাইনের ওপর আটকে পড়ে। তবে চালক ও পরিচালকের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যান ট্রেনের কয়েক শ’ যাত্রী।

ট্রেনের পরিচালক আনোয়ার হোসেন জানান, একটি ট্রেনের বগির স্প্রিং ভেঙে যাওয়ার বিষয়টি দ্রুত টের পাওয়ায় একটি ভয়াবহ দুর্ঘটনা থেকে ট্রেন ও যাত্রীদের রক্ষা করা সম্ভব হয়েছে।

এদিকে, আকস্মিক এই বিভ্রাটের কারণে পার্বতীপুর, সান্তাহার, রাজশাহী ও ঢাকাগামী রুটসহ উত্তরাঞ্চলের সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সাময়িক এই স্থবিরতায় আশপাশের বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

ঘটনার পরপরই পার্বতীপুর ও সান্তাহার জংশনে উদ্ধারকারী ট্রেনের জন্য খবর দেয়া হয়। এর মধ্যে সান্তাহার রেলওয়ে ক্যারেজ মিস্ত্রীরা দুর্ঘটনাস্থলে পৌঁছে ট্রেনের ওই বগির কয়েল স্প্রিং ও বডি মেরামত করেন।

ট্রেনটির সহকারী চালক রবীন হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সান্তাহার রেলওয়ের ক্যারেজ মিস্ত্রী ট্রেনের ওই বগির ক্ষতিগ্রস্ত কয়েল স্প্রিং ও বডি মেরামত করার পর বেলা ১১টা ২০মিনিটে চালু হয়ে ট্রেনটি ঘটনাস্থল থেকে জয়পুরহাট রেলস্টেশনের দিকে রওনা হয়।

এর ফলে, প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর এ লাইনে উত্তরাঞ্চলের সাথে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানান তিনি।

সূত্র : ইউএনবি