গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমানের সাথে যুক্তরাষ্ট্রের পারদু ইউনিভার্সিটি ফোর্ট ওয়েন ও অবার্ন ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ভিসির কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে পারদু ইউনিভার্সিটি ফোর্ট ওয়েনের অধ্যাপক ড. আহমেদ মুস্তফা এবং অবার্ন ইউনিভার্সিটির কলেজ অব অ্যাগ্রিকালচারের সহকারী অধ্যাপক টিমোথি জে. ব্রুস অংশ নেন।
সাক্ষাতে ভিসি গাকৃবির শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের অগ্রগতি তুলে ধরে বলেন, ২০২৫ ও ২০২৬ সালে টাইমস হায়ার এডুকেশন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস ফর ইনোভেশন (ডব্লিউইউআরআই) এবং কিউএস র্যাঙ্কিংয়ের বিভিন্ন সূচকে বিশ্ববিদ্যালয়টি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উল্লেখযোগ্য অবস্থান অর্জন করেছে।
তিনি কৃষি ও মৎস্য খাতে গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন এবং কৃষকবান্ধব নতুন জাত উদ্ভাবনের সাফল্যের কথাও তুলে ধরেন।
আলোচনায় শিক্ষা ও গবেষণায় সহযোগিতা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা প্রকল্প এবং আধুনিক কৃষি ও জলজ প্রাণিসম্পদ উন্নয়নে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
এ সময় যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা গাকৃবির সাথে একটি কার্যকর সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রস্তাব দেন।
ভিসির এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের সহযোগিতা গবেষণা, উদ্ভাবন ও মানবসম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।
সাক্ষাৎ শেষে ভিসি বিদেশী অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করেন। পরে টিমোথি জে. ব্রুস বিশ্ববিদ্যালয়ের গবেষণা মাঠ, আধুনিক গবেষণাগার এবং ফিশারিজ অনুষদ পরিদর্শন করেন এবং গাকৃবির গবেষণা অবকাঠামো ও আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনায় সন্তোষ প্রকাশ করেন।
সাক্ষাতে গাকৃবির ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. ফারহানা হক, প্রফেসর ড. এস এম রফিকুজ্জামান, সহকারী অধ্যাপক ইব্রাহিম রশিদ এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



