বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন দিনব্যাপী স্পোর্টস, এক্সারসাইজ মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন উইথ বেসিক লাইফ সাপোর্ট ট্রেনিং কর্মসূচি সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেএসপির ক্রীড়াবিজ্ঞান বিভাগের উদ্যোগে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এ প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়।
সমাপনী অনুষ্ঠানে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: সাইফ উল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। এ সময় তিনি সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করায় অংশগ্রহণকারী ও আয়োজকদের আন্তরিক অভিনন্দন জানান।
প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মো: সাইফ উল্লাহ বলেন, আধুনিক ক্রীড়াঙ্গনে খেলোয়াড়দের সর্বোচ্চ পারফরম্যান্স নিশ্চিত করতে ক্রীড়া চিকিৎসা, পুনর্বাসন ও জরুরি স্বাস্থ্যসেবার গুরুত্ব ক্রমেই বাড়ছে। মাঠ পর্যায়ে দুর্ঘটনা বা আকস্মিক শারীরিক জটিলতা মোকাবেলায় বেসিক লাইফ সাপোর্ট বিষয়ক জ্ঞান ও দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ ক্রীড়াবিদ, প্রশিক্ষক, ফিজিওথেরাপিস্ট এবং ক্রীড়া-সংশ্লিষ্ট পেশাজীবীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিকেএসপির পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. লুৎফর রহমান এবং সেমিনারের অর্গানাইজিং সেক্রেটারি আবু তারেক উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে ক্রীড়া চিকিৎসা, আঘাত প্রতিরোধ, পুনর্বাসন ব্যবস্থাপনা এবং বেসিক লাইফ সাপোর্টের বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞগণ তাত্ত্বিক ও ব্যাবহারিক প্রশিক্ষণ দেন।
প্রশিক্ষণে ঢাকা বিকেএসপি ও আঞ্চলিক বিকেএসপিসহ দেশের ১৬টি প্রতিষ্ঠানের মোট ১০০ জন প্রতিনিধি অংশ নেন। প্রশিক্ষণে ব্যাপক আগ্রহ ও ক্রীড়াক্ষেত্রে এর গুরুত্ব বিবেচনায় ভবিষ্যতে এ ধরনের কর্মসূচির পরিধি ও সময়সীমা আরো বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।



