সিলেটে স্ত্রীকে হত্যার পর লাশ ঝুলিয়ে আত্মহত্যার নাটক, স্বামী গ্রেফতার

পারিবারিক কলহের জেরে সফি আহমদ চৌধুরী সুমন তার স্ত্রী নিশাত ফাতেমা চৌধুরীকে এলোপাতাড়ি কিলঘুষি ও লাথি মেরে পিটিয়ে হত্যা করেন।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটের ম্যাপ
সিলেটের ম্যাপ |নয়া দিগন্ত

সিলেটে স্ত্রীকে পিটিয়ে হত্যা করার পর লাশ ওড়নায় পেঁচিয়ে ঝুলিয়ে রেখে আত্মহত্যার প্রচার করেছিলেন ঘাতক স্বামী সফি আহমদ চৌধুরী সুমন (৪৮)। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করেছে তিনি।

বুধবার (১৬ জুলাই) বিকেলে তাকে গ্রেফতার করে সিলেটের শাহপরাণ থানা পুলিশ।

এর আগে, বুধবার সকালে নগরের আরামবাগ এলাকার একটি বাসা থেকে গৃহবধূ নিশাত ফাতেমা চৌধুরীর (৩২) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বুধবার রাত ১১টার দিকে দৈনিক নয়া দিগন্তকে জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে পারিবারিক কলহের জেরে সফি আহমদ চৌধুরী সুমন তার স্ত্রী নিশাত ফাতেমা চৌধুরীকে এলোপাতাড়ি কিলঘুষি ও লাথি মেরে পিটিয়ে হত্যা করেন। পরে ওড়না পেঁচিয়ে লাশ ঝুলিয়ে রেখে বুধবার ভোররাত ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে স্ত্রী আত্মহত্যা করেছেন বলে সুমন তার স্ত্রীর ফুফাতো ভাইকে ফোনে জানান। খবর পেয়ে নিশাতের বাবার বাড়ির আত্মীয়-স্বজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিশাতকে মৃত অবস্থায় দেখতে পান। এ সময় তারা দেখেন লাশের কপাল, গলা, দু’হাতের তালু ও বাহুতে আঘাতের চিহ্ন ও কালচে জখম রয়েছে। তবে তাদেরকে নিশাত আত্মহত্যা করেছেন বলে ভুল বুঝান সুমন। খবর পেয়ে বুধবার সকালে শাহপরাণ থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরে স্বামী সুমনের আচরণ ও কথায় সন্দেহ হলে তাকে আটক করে পুলিশ।

এদিকে, নিশাতের হত্যার ঘটনায় তার বাবার পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। হত্যা মামলায় সুমনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সুমনকে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

তবে সফি আহমদ চৌধুরী সুমন কী কারণে স্ত্রীকে মারধর করে হত্যা করেন তা এখনো জানা যায়নি। এ বিষয়ে এসএমপির মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গ্রেফতার আসামিকে এখনো জিজ্ঞাসাবাদ চলছে।