চট্টগ্রামের আনোয়ারায় অবৈধ বালু উত্তোলন ও স্তূপ করার দায়ে তিনটি বালুমহাল পরিচালনাকারীকে মোট আড়াই লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। পৃথক দু’টি অভিযানে এ জরিমানা করা হয় এবং বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জাম জব্দ ও ধ্বংস করা হয়।
বুধবার (১১ মার্চ) উপজেলার বরুমছড়া ইউনিয়নের ভরা শঙ্খ নদীর রাবার ড্যাম এলাকায় প্রথম অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা।
অভিযানে অবৈধ বালুমহাল পরিচালনার দায়ে মোহাম্মদ আবছার ও রায়হান মেম্বারকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়। একইসাথে বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ধ্বংস করা হয় এবং একটি স্ক্যাভেটরের ব্যাটারি জব্দ করা হয়। অবৈধ বালু উত্তোলন পয়েন্টে লাল পতাকা টানিয়ে সতর্কবার্তা দেয়া হয়।
এদিকে, একই দিন উপজেলার ৯ নম্বর পরৈকোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের টাংগারপুল এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আকতারের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে অবৈধভাবে বালুর স্তূপ করার দায়ে মোহাম্মদ তৈয়বকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় একটি ট্রাক ও একটি স্ক্যাভেটর জব্দ করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধ বালু উত্তোলন ও স্তূপের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



