বিদেশী জাহাজে সহকর্মীকে হত্যার অভিযোগে থাই নাবিক গ্রেফতার

বুধবার (২০ মে) সকালে এমভি কেপিপি-১ নামের জাহাজ থেকে ওই নাবিককে আটক করা হয়। পরে তাকে আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Location :

Anwara
গ্রেফতার থাই নাগরিক তুরাকর্ন বুরুসিক
গ্রেফতার থাই নাগরিক তুরাকর্ন বুরুসিক |নয়া দিগন্ত

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের আনোয়ারা উপকূলের গভীর সমুদ্রে নোঙর করা একটি বিদেশী বাণিজ্যিক জাহাজে থাই নাবিককে হত্যার অভিযোগে তুরাকর্ন বুরুসিক (৩৫) নামে আরেক থাই নাবিককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২০ মে) সকালে এমভি কেপিপি-১ নামের জাহাজ থেকে ওই নাবিককে আটক করা হয়। পরে তাকে আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে আনোয়ারা উপকূলে বঙ্গোপসাগরে নোঙর করা জাহাজটিতে দুই নাবিকের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হন রাফিফং কালাহান (৩০) নামের এক থাই নাবিক। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ও গ্রেফতার দুইজনই থাইল্যান্ডের নাগরিক এবং জাহাজটিতে নাবিক হিসেবে কর্মরত ছিলেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জুনায়েত চৌধুরী বলেন, ঘটনার পর পতেঙ্গা থানা পুলিশ অভিযুক্তকে আটক করে। পরবর্তীতে তাকে আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।