কিশোরগঞ্জের ইটনায় ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মৃগা ইউনিয়নের প্রজারকান্দা গ্রামে এই ঘটনা ঘটে।
তোফায়েল মিয়া (১৮) প্রজারকান্দা গ্রামের বাসিন্দা নিয়াজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক।
মৃগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে যান তোফায়েল মিয়া। এ সময় বৈদ্যুতিক তারের সংস্পর্শে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাফর ইকবাল বলেন, এখন পর্যন্ত এই বিষয়ে কোনো তথ্য পাইনি। এ বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।



