ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ নির্মাণশ্রমিকের মৃত্যু

ছাদে রডের কাজ শেষ হওয়ার পর কিছু রড নিচে নামানোর প্রয়োজন হয়। শ্রমিকদের সিঁড়ি ব্যবহার করে রড নামানোর নির্দেশ দেয়া হলেও একজন শ্রমিক ছাদের পাশ দিয়ে লম্বা রড নামানোর চেষ্টা করেন। এ সময় রডটি ভবনের পাশ দিয়ে যাওয়া উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসে।

ময়মনসিংহ অফিস

Location :

Trishal
দ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু
দ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু |নয়া দিগন্ত গ্রাফিক্স

ময়মনসিংহের ত্রিশালে নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সাথে রডের স্পর্শ লাগায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ জুলাই) দুপুরে ত্রিশাল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দাইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ঈশ্বরগঞ্জ উপজেলার তাড়াইল এলাকার রতনের ছেলে জিসান (১৮) ও বিরামপুর ভাটিপাড়া এলাকার মরহুম ইব্রাহিমের ছেলে সিরাজুল ইসলাম (২২)।

ঘটনাস্থলে কর্মরত ঠিকাদার মো: হাসান জানান, ছাদে রডের কাজ শেষ হওয়ার পর কিছু রড নিচে নামানোর প্রয়োজন হয়। শ্রমিকদের সিঁড়ি ব্যবহার করে রড নামানোর নির্দেশ দেয়া হলেও একজন শ্রমিক ছাদের পাশ দিয়ে লম্বা রড নামানোর চেষ্টা করেন। এ সময় রডটি ভবনের পাশ দিয়ে যাওয়া উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদে থাকা দুই শ্রমিক নিচে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ভবনের মালিক আল আমিন বলেন, নির্মাণকাজের দায়িত্ব ঠিকাদারের কাছে হস্তান্তর করা হয়েছিল। ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না। পরে জানতে পারেন, বিদ্যুতের তারের সাথে রড স্পর্শ করায় এ দুর্ঘটনা ঘটে।

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: ইমতিয়াজ মাহমুদ জানান, হাসপাতালে আনার আগেই দুই শ্রমিকের মৃত্যু হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে নিচে পড়ে গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়েছে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেন, লাশ দু’টি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।