মুন্সীগঞ্জে অবৈধভাবে ফসলি জমি ভরাট, আবাসন প্রকল্পকে জরিমানা

অভিযান পরিচালনা করেন সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারী।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
মুন্সীগঞ্জে মাতৃভূমি সিটিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়
মুন্সীগঞ্জে মাতৃভূমি সিটিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয় |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিয়ম-নীতি উপেক্ষা করে অবৈধভাবে ফসলি জমি ভরাটের অভিযোগে ‘মাতৃভূমি সিটি’ নামের একটি আবাসন প্রকল্পকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩০ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারী।

স্থানীয় সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট আবাসন প্রকল্পটি দীর্ঘদিন ধরে কোনো ধরনের অনুমতি ছাড়াই ডাম্প ট্রাকের মাধ্যমে কৃষিজমি ও জলাশয়ে বালু ফেলে ভরাট করে আসছিল। এতে একদিকে পরিবেশের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়, অন্যদিকে আশপাশের কৃষিজমি চাষাবাদের অনুপযোগী হয়ে পড়ে।

এ বিষয়ে এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। অভিযানে আইন অমান্য করে জমি ভরাটের বিষয়টি স্বীকার করায় আবাসন প্রকল্প কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সতর্ক করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, কৃষিজমি সুরক্ষা এবং বালু ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অনুমতি ছাড়া ফসলি জমি ভরাট দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে। প্রশাসনের এ পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষক ও ভুক্তভোগী এলাকাবাসী।