কর্মীদের অগ্নিপরীক্ষার মুখোমুখি হতে হয়েছে : মুহাম্মদ ফখরুল ইসলাম

জামায়াত মানবতার কল্যাণ সাধনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। মানুষের মৌলিক অধিকার রক্ষা এবং সমাজে ইনসাফ কায়েমের লড়াইয়ে জামায়াতের কর্মীদের আপসহীন ভূমিকা পালন করতে হবে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
বক্তব্য রাখছেন মুহাম্মদ ফখরুল ইসলাম
বক্তব্য রাখছেন মুহাম্মদ ফখরুল ইসলাম |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ‘যুগে যুগে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে অগ্নিপরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতিটি দায়িত্বশীলকে ধৈর্যের সাথে জনগণের পাশে থাকতে হবে। আমাদের চারিত্রিক ও আদর্শিক মান আরো উন্নতি করতে হবে।’

শুক্রবার (১ মে) সকালে সিলেট মহানগর জামায়াত ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত দিনব্যাপী বাছাইকৃত কর্মীশিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, ‘জামায়াত মানবতার কল্যাণ সাধনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। মানুষের মৌলিক অধিকার রক্ষা এবং সমাজে ইনসাফ কায়েমের লড়াইয়ে জামায়াতের কর্মীদের আপসহীন ভূমিকা পালন করতে হবে। একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন করতে হলে কর্মীদের সর্বোচ্চ ত্যাগের মানসিকতা নিয়ে ময়দানে কাজ করতে হবে।’

তিনি আরো বলেন, ‘বর্তমান ক্ষমতাসীন দল জুলাই সনদকে উপেক্ষা ও গণভোটের রায় বাতিলের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে গলাটিপে হত্যা করেছে। তাদেরকে অবশ্যই ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কাঙ্খিত সংস্কার না করায় দেশে ফের ফ্যাসিবাদ কায়েমের শঙ্কা দেখা দিয়েছে। জামায়াত জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে জনগণের কল্যাণে কাজ করছে। কোনো ষড়যন্ত্র আমাদের অগ্রযাত্রাকে দমিয়ে রাখতে পারবে না। নিজেকে দ্বীনের দ্বায়ী হিসেবে গড়ে তুলতে চূড়ান্ত শপথ নিতে হবে। ইসলামী আন্দোলনের জন্য সর্বোচ্চ ত্যাগের প্রস্তুতি নিতে হবে।’

সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রবের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান। আরো বক্তব্য রাখেন মহানগর নায়েবে আমির হাফিজ মিফতাহুদ্দীন আহমদ, সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী, সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন, জামায়াত নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলিম উদ্দিন প্রমুখ।

এ সময় শিক্ষাশিবিরে সিলেট মহানগরীর বিভিন্ন থানার দায়িত্বশীল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।