সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত দিয়ে সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ।
তবে সীমান্তে কড়া অবস্থান ও বাধার কারণে বিএসএফের এই চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি।
বিজিবি জানায়, বৃহস্পতিবার (৯ জুলাই) ভোর ৪টার দিকে নারী-পুরুষসহ সাতজনকে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। এসময় বিজিবির সদস্যরা তা প্রতিহত করেন।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হক জানান, কোম্পানিগঞ্জের কালাইরাগ বিওপি সংলগ্ন সীমান্ত দিয়ে বিএসএফ সাতজনকে পুশইনের চেষ্টা করলে বিজিবি তাৎক্ষণিকভাবে বাধা দেয়। এতে বিএসএফ পিছু হটতে বাধ্য হয় এবং ওই ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়।
তিনি বলেন, এ ঘটনায় বিএসএফের সাথে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের চেষ্টা প্রতিরোধে সীমান্তে নজরদারি আরো জোরদার করা হয়েছে।



