গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে দুদু মন্ডল (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নলডাঙ্গা রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
মৃত্যু দুদু মন্ডল সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর দক্ষিণ ভাঙ্গামোড় গ্রামের মরহুম বেরাজ মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানায়, ওই সময় সাঘাটার বোনারপাড়া থেকে ছেড়ে আসা রামসাগর এক্সপ্রেস নামের একটি ট্রেন নলডাঙ্গা স্টেশনে পৌঁছায়। এরই মধ্যে দুদু মন্ডল এই ট্রেনে কাটা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ তথ্য নিশ্চিত করে দামোদরপুর ইউপি সদস্য আব্দুর রহিম সরকার বলেন, ‘ওই স্থানে ট্রেনে কাটা পড়ে দুদু মন্ডল নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রায়ই বাড়ির লোকজনের অজান্তে বিভিন্ন স্থানে ছুটে চলতেন তিনি।’
এ বিষয়ে সাঘাটার বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হাসান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে সুরুতহাল প্রতিবেদন করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’



