ক্ষতিগ্রস্ত বর্গাচাষিরাই কৃষি সহায়তা পাবেন : লুৎফুজ্জামান বাবর

নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর জানিয়েছেন, যারা টাকা দিয়ে জমি বর্গা নিয়ে চাষ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারাই সরকারি কৃষি সহায়তা পাবেন।

Location :

Netrokona
ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে মতবিনিময়কালে লুৎফুজ্জামান বাবর
ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে মতবিনিময়কালে লুৎফুজ্জামান বাবর |নয়া দিগন্ত

মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর জানিয়েছেন, যারা টাকা দিয়ে জমি বর্গা নিয়ে চাষ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারাই সরকারি কৃষি সহায়তা পাবেন। কিন্তু যারা শুধু টাকা নিয়ে জমি বর্গা দিয়েছেন, প্রকৃত চাষাবাদ করেননি, তারা এই সহায়তার আওতায় আসবেন না।

শুক্রবার (৮ মে) নেত্রকোনার মোহনগঞ্জের পশুখালী, হরিপুর, নওগাঁ, জৈনপুর, গাগলাজোর ও বরান্তর এলাকায় অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

লুৎফুজ্জামান বাবর জানান, যেসব ছোটখাটো কৃষক নিজেদের জমি নিজেরাই চাষ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারাও এই সহায়তা পাবেন। সহায়তা কেবল প্রকৃত চাষি ও ক্ষতিগ্রস্তদের জন্য, যারা ফসল উৎপাদনে সরাসরি পরিশ্রম ও খরচ বহন করেছেন।

পরিদর্শনকালে তিনি প্রতিটি এলাকায় কৃষকদের কথা শোনেন এবং তাদের দুর্ভোগের প্রতিকার দেয়ার আশ্বাস দেন।

উপজেলা সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মোহনগঞ্জে প্রায় ১৬ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ (ধান) হয়েছিল। অকাল বন্যায় সেই বিশাল ক্ষেতের ফসল নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় প্রকৃত চাষিদের পাশে দাঁড়াতে সরকারি সহায়তা কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় কৃষকরা।

লুৎফুজ্জামান বাবরের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন খেতমজুর ও প্রান্তিক চাষিরা। তারা বলছেন, আগে নানা সময়ে জমির মালিকরা সহায়তা নিয়ে নিলেও প্রকৃত চাষি খালি হাতে ফিরেছেন। এবার সেই ঘাটতি পূরণ হবে বলে আশা করছেন তারা।