ফৌজদারি মামলার তদন্ত কার্যক্রমে গতি আনা, আদালতের আদেশ যথাযথভাবে বাস্তবায়ন এবং বিচারিক সেবা আরো কার্যকর ও ত্রুটিমুক্ত করতে রাঙ্গামাটিতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) রাঙ্গামাটি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির উদ্যোগে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাঙ্গামাটির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ তফাজ্জল হাসান হিরু।
সম্মেলনে রাঙ্গামাটি পার্বত্য জেলার বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটরাসহ আইনশৃঙ্খলা ও বিচার ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের কর্মকর্তারা অংশ নেন।
সম্মেলনে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে সাক্ষ্য গ্রহণ ও শুনানি কার্যক্রম বিষয়ে তথ্যবহুল আলোচনা করেন অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শিপলু কুমার দে। এ সময় তিনি মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে বিষয়টির বিভিন্ন দিক তুলে ধরেন।
পরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: হুমায়ুন কবির ফৌজদারি মামলার তদন্ত কার্যক্রমের বিভিন্ন বিধি-বিধান তুলে ধরেন।
এ সময় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের আইন অনুযায়ী দায়িত্ব পালন, তদন্ত কার্যক্রমে আদালতের নির্দেশনা অনুসরণ এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে নির্দেশনা দেয়া হয়।
সম্মেলনের পর উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা বিচারিক কার্যক্রম ও আইনশৃঙ্খলা ব্যবস্থার বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন। পরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ তফাজ্জল হাসান হিরু অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সমাপনী বক্তব্যে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতার সাথে কাজ করে জনগণের জন্য দ্রুত, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত বিচারিক সেবা নিশ্চিত করার আহ্বান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন রাঙ্গামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রাকিব, সিভিল সার্জন ডা: নূয়েন খীসা, বিজিবির অতিরিক্ত পরিচালক মোস্তর মোহাম্মদ তৌফিকুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন, রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, বন বিভাগের কর্মকর্তারা, জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিরা।



