স্বাস্থ্য সেবার মান উন্নয়নে ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য (এমপি) মো: তাজ উদ্দিন খান।
শনিবার (২৫ এপ্রিল) সকালে হাসপাতালের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তাজ উদ্দিন খান জানান, তিনি ইতোমধ্যে মেহেরপুর জেনারেল হাসপাতালের সমস্যাগুলো নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে কথা বলেছেন। একসাথে সব সমস্যার সমাধান করা সম্ভব না হলেও চিকিৎসা সেবার মান বৃদ্ধি করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার জন্য তিনি সরকারের কাছে ৩০ জন আনসার মোতায়েনের দাবি জানিয়েছেন।
হাসপাতালে কর্মরত সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের নানামুখী সমস্যার মধ্যেও মানুষের সেবার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যা আছে তা দিয়েই আন্তরিকতার সাথে সর্বোত্তম সেবা দেয়ার চেষ্টা করতে হবে। রোগীদের প্রতি দায়িত্বশীল আচরণ করতে হবে।’
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মো: সাজ্জাদ হাসান জনবল কাঠামো অনুযায়ী চিকিৎসকসহ চতুর্থ শ্রেণির কর্মচারী সংকটের কথা তুলে ধরেন।
ডা: সাজ্জাদ হাসান বলেন, ‘হাসপাতাল চত্বর এখন মেলার মাঠে পরিণত হয়েছে। এখানে ফুটপাথের মতো বেশ কিছু ক্ষুদ্র ব্যবসায়ী ঝালমুড়ি, ডাব, পেয়ারা, বাদাম, চানাচুর, শরবতসহ নানা ধরনের ভ্রাম্যমাণ দোকান বসিয়ে ব্যবসা করছেন। এখানে প্লাস্টিকের মালামাল ও খেলনা বিক্রি হচ্ছে। ভিক্ষুক, মাদকসেবীসহ নানা ধরণের মানুষ এ হাসপাতাল চত্বরে আসন গেড়ে বসেছে। যার কারণে, স্বাস্থ্যসেবা বিঘ্নিত হচ্ছে।’ এদের উচ্ছেদ ও হাসপাতালের চিকিৎসাকর্মী, রোগী ও স্বজনদের নিরাপত্তা বিধানে তিনি একটি পুলিশ ক্যাম্পের দাবি জানান।
তিনি আরো বলেন, ‘নতুন আটতলা ভবনের জন্য প্রয়োজনীয় চিকিৎসকসহ অন্যান্য জনবল নিয়োগ ও প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবস্থা করে হাসপাতালটি পূর্ণাঙ্গরূপে চালু করা গেলে চিকিৎসা সেবা বাড়ানো সম্ভব হবে।’
চিকিৎসকদের পক্ষে কার্ডিওলজি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা: কাজল আলী বলেন, ‘জনবল সঙ্কটের কারণে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এখানে প্রয়োজনীয় চিকিৎসক না থাকায় মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট দিয়ে সেবা দেয়া হচ্ছে। গাংনী বা মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কোনো মেডিক্যাল অফিসার যদি জরুরি কোনো রোগী মেহেরপুর হাসাপাতালে রেফার করে, তবে সেই রোগীকে দেখেন এ হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট। এটা অত্যন্ত দুঃখজনক।’
মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা সেক্রেটারি ইকবাল হুসাইন, জেলা বিএমএ সভাপতি ও মেহেরপুর জেনারেল হাসপাতালের সাবেক আরএমও ডা: আব্দুস সালাম, সার্জারি কনসালটেন্ট ফজলুর রহমান ও বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশন মেহেরপুর জেলা শাখার ভাইস প্রেসিডেন্ট আসাদুল ইসলাম বক্তব্য রাখেন।



