আইনি জটিলতা কাটিয়ে শিগগিরই স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, ‘এবারের নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক। এর পরিবর্তে ব্যবহার করা হবে সাধারণ প্রতীক।’
বুধবার (২৫ মার্চ) বিকেলে রাজশাহী সিটি করপোরেশনে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন শিগগিরই আয়োজন করতে সরকার আন্তরিক। তবে কিছু আইনি প্রক্রিয়া শেষ না হওয়ায় সময় লাগছে। জাতীয় সংসদে সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো পাস হয়ে আইন আকারে কার্যকর হলেই দ্রুত নির্বাচন আয়োজন করা হবে।’
তিনি আরো বলেন, ‘অন্তর্বর্তী সরকার সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচন বাতিল করে প্রশাসক নিয়োগের বিধান করেছিল। একইসাথে দলীয় প্রতীক বাদ দিয়ে সাধারণ প্রতীকে নির্বাচনের প্রস্তাব করা হয়। এসব অধ্যাদেশ বর্তমানে সংসদের বিশেষ কমিটিতে রয়েছে।’
মীর শাহে আলম বলেন, ‘সংসদে অধ্যাদেশগুলো পাস হওয়ার পর আইন মন্ত্রণালয়ের ভ্যাটিং শেষে দ্রুত নির্বাচনের ব্যবস্থা নেয়া হবে। এক মাসের মধ্যেই এসব প্রক্রিয়া সম্পন্ন হতে পারে বলে আশা করা হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘নির্বাচন না হওয়া পর্যন্ত নিয়োগপ্রাপ্ত প্রশাসকরাই দায়িত্ব পালন করবেন। তবে ওয়ার্ড কাউন্সিলরদের বিষয়ে প্রস্তাব এলে তা প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।’
এর আগে, প্রতিমন্ত্রী রাজশাহী সিটি করপোরেশনে পৌঁছালে কর্মকর্তারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। সেখানে নবনিযুক্ত প্রশাসক মাহফুজুর রহমান রিটনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



