চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ডিপোতে পুরনো তেলের ট্যাংক পরিষ্কার করতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে এবং অসুস্থ হয়ে চিকিৎসাধীন আরো তিনজন।
শুক্রবার সীতাকুণ্ড ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার আল মামুন জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ছলিমপুর ইউনিয়নের জলিলগেট এলাকায় অবস্থিত জামাল কোম্পানির মালিকানাধীন ডিপোতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম-পরিচয় জানা যায়নি। একই ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। তাদের মধ্যে মীর আহমদ (২৮) ও মোস্তফা কামাল (৩৫) দু’জনের নাম জানা গেছে। আরেকজনের পরিচয় জানা যায়নি। বর্তমানে আহত তিনজনই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের লাশও হাসপাতালটির জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, ডিপোটিতে স্ক্র্যাপ জাহাজ থেকে পরিত্যক্ত কালো তেল এনে প্রক্রিয়াজাত করা হয়। তেল রাখা হয় সিলিন্ডার আকৃতির ট্যাংকে। প্রক্রিয়াজাতের পর ট্যাংকের নিচে কিছু ময়লা জমে থাকে। ওইগুলো পরিষ্কার করতে নেমে এক শ্রমিক অচেতন হয়ে পড়েন। পরবর্তীতে আরো তিনজন শ্রমিক তাকে উদ্ধারে নামলে তারাও অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, কালো তেলের ডিপো থেকে আহত চার শ্রমিককে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সূত্র : বাসস



