দুর্গাপুরে নির্বাচনী প্রচারণায় বিএনপির হামলায় জামায়াতের কর্মী আহত

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সুখানদিঘী এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

দুর্গাপুর (রাজশাহী) সংবাদদাতা

Location :

Rajshahi
দুর্গাপুর থানা
দুর্গাপুর থানা |নয়া দিগন্ত

রাজশাহীর দুর্গাপুরে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি কর্মী-সমর্থকদের হামলায় মো: শামিনুল ইসলাম (৪৪) নামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় আহত ব্যক্তি থানায় লিখিত অভিযোগ করেছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সুখানদিঘী এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় উপজেলার সুখানদিঘী এলাকায় শামিনুল ও তার সাথে থাকা অপর এক কর্মী নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় বিএনপি কর্মী মো: কোরবান আলী (৩০), মো: ভূলু (৩৬), মো: জনাব আলী (৩৫), মো: সোহরাফ (৪০), মো: রহিদুলসহ (৩৭) আরো ১০ থেকে ১৫ জন তাদের প্রচারণায় বাধা প্রদান করেন। একপর্যায়ে তারা শামিনুলকে গালিগালাজ করেন এবং কিল, ঘুষি ও লাথি মারতে থাকেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর পৌর শাখার আমির নূর আলম বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকালে আমাদের এক কর্মীর ওপর হামলা চালানো হয়েছে। এ নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। দোষীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়া হয়েছে এবং দ্রুত গ্রেফতারের দাবি জানাই।’

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।