মাদারগঞ্জে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রীতা বেগম (৩৮) ওই এলাকার বাসিন্দা আবু কাশেমের স্ত্রী

জামালপুর প্রতিনিধি

Location :

Jamalpur

জামালপুর প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে স্বামীও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রীতা বেগম (৩৮) ওই এলাকার বাসিন্দা আবু কাশেমের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশের জমিতে সেচ দেয়ার জন্য পাম্প চালু করতে যান রীতা বেগম। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে ছটফট করতে দেখে উদ্ধার করতে এগিয়ে গেলে স্বামী আবু কাশেমও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রীতা বেগমকে মৃত ঘোষণা করেন। আবু কাশেমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাঁখের আহমেদ বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে কোনো অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।”