মুক্তাগাছায় দাঁড়িপাল্লার নির্বাচনী মিছিলে হামলা, আহত ৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী ২ নম্বর বড়গ্রাম ইউনিয়ন শাখার উদ্যোগে ৬ নম্বর ওয়ার্ডে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বাজে মানকোন (বাজিত খোড়ার বাড়ির সামনে) পৌঁছালে সেখানে আগে থেকেই ওৎ পেতে থাকা বিএনপি কর্মী মো: হারুন অর রশিদ, আকরাম হোসেন, জাহাঙ্গীর আলম, আনছার আলী, রিয়াজুল ইসলাম, রোমান মিয়া, আব্দুস সালামসহ একটি সঙ্ঘবদ্ধ দল বাঁশের লাঠিসোটা নিয়ে মিছিলকারীদের ওপর হামলা করে।

মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Muktagachha
বিএনপির কর্মীদের হামলায় আহত জামায়াত কর্মী
বিএনপির কর্মীদের হামলায় আহত জামায়াত কর্মী |নয়া দিগন্ত

ময়মনসিংহের মুক্তাগাছায় দাঁড়িপাল্লা মার্কার মিছিলে হামলা করার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় জামায়াতের ওই ইউনিয়ন জামায়াতের সেক্রেটারিসহ পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন। আহতরা মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানা যায়।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে উপজেলার বড়গ্রাম ইউনিয়নের বাজে মানকোন এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দের দাঁড়িপাল্লা মার্কার মিছিলে হামলা করে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় সহকারী রিটার্নিং অফিসার ও মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর অভিযোগ দায়ের করেছে বড়গ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি ডা: মামুনুর রশিদ।

অভিযোগ ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী ২ নম্বর বড়গ্রাম ইউনিয়ন শাখার উদ্যোগে ৬ নম্বর ওয়ার্ডে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বাজে মানকোন (বাজিত খোড়ার বাড়ির সামনে) পৌঁছালে সেখানে আগে থেকেই ওৎ পেতে থাকা বিএনপি কর্মী মো: হারুন অর রশিদ, আকরাম হোসেন, জাহাঙ্গীর আলম, আনছার আলী, রিয়াজুল ইসলাম, রোমান মিয়া, আব্দুস সালামসহ একটি সঙ্ঘবদ্ধ দল বাঁশের লাঠিসোটা নিয়ে মিছিলকারীদের ওপর হামলা করে। এতে মিছিলে অংশ নেয়া বড়গ্রাম ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো: জহিরুল ইসলাম, জামায়াত কর্মী মো: মঞ্জুরুল ইসলাম, দাউদ আলী, খালিদ রায়হান, মো: আব্দুল কাদির আহত হন। আহতরা মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মুক্তাগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ মোহাম্মদ মোজাহিদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সেইসাথে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বড়গ্রাম ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফ উদ্দিন আহমেদ বাবুল জানান, হামলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। জামায়াতের মিছিলের খবর পেয়ে আমি নেতাকর্মীদের বলে দিয়েছি আজকে ওই ওয়ার্ডে আমাদের কোনো কর্মকাণ্ড নেই।

তিনি জামায়াত কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, জামায়াত মিছিল শুরুর আগেই আমাদের এক যুবদলের কর্মীকে তারা মেরেছে। পরে তারা মূল মিছিল নিয়ে বিএনপির অফিসে এসে আমাদের পাঁচ-ছয়জন লোককে আহত করেছে।

এ ব্যাপারে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুর রহমান জানান, মিছিলে হামলার ঘটনাটি শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। তারা অভিযোগ দিয়েছে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সহকারী রিটার্নিং অফিসার ও মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কৃষ্ণ চন্দ্র জানান, অভিযোগ এখনো আমার হাতে পৌঁছায়নি। তবে আমি ওসি সাহেবের মাধ্যমে জেনেছি অভিযোগ হয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।