রাজশাহীতে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় দুর্বৃত্তের গুলিতে মো: মোস্তফা (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে নগরীর মতিহার থানার খোঁজাপুর গোরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোস্তফা ডাঁশমারী এলাকার তইমুর উদ্দিনের ছেলে এবং একটি ময়দার মিলের কর্মচারী ছিলেন।
স্থানীয়রা জানায়, মোস্তফার রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই। রাতে তিনি নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন। তখন তাকে লক্ষ্য করে গুলি করা হয়। কে বা কারা কেনো এ ঘটনা ঘটিয়েছে, তা কেউ বলতে পারছেন না। ঘটনাস্থলে একটি তাজা গুলি ও একটি খোসা পড়ে থাকতে দেখা গেছে। স্থানীয়রা মোস্তফাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম এ জলিল বলেন, ‘আমাদের এখানে আসার আগেই রোগীর মৃত্যু হয়েছে। তার ডান পায়ে গুলি লেগেছে। মাথায়ও জখম দেখা গেছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এ কারণে হাসপাতালে আসার আগেই মোস্তফার মৃত্যু হয়।’
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ‘আমরা কিছুক্ষণ আগেই ঘটনাটি শুনেছি। এরপর দ্রুতই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত করছে। কেনো এ ঘটনা ঘটেছে, সেটি আমরা এখনো জানতে পারিনি। নিহত ব্যক্তির কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততাও আমরা এখনো জানতে পারিনি।’
এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।



