কক্সবাজারের ঈদগাঁওতে ইয়াবাসহ যুবদল নেতা শহিদুল্লাহকে (৫৫) আটক করেছে পুলিশ। এ সময় ইয়াবা সেবনের সরঞ্জাম ফয়েল পেপারও উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত ২টার সময় উপজেলার পোকখালী ইউনিয়নের মুসলিম বাজার থেকে তাকে আটক করা হয়।
আটক শহিদুল্লাহ পূর্ব পোকখালী দক্ষিণ পাড়ার এনামুল হকের ছেলে ও পোকখালী ইউনিয়ন যুবদলের ২ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক।
এদিকে ইয়াবা কারবারে জড়িত থাকার দায়ে শহীদুলাহকে বহিষ্কার করেছে ইউনিয়ন যুবদল। পোকখালী ইউনিয়ন যুবদলের সভাপতি আজম খাঁন ও সেক্রেটারি মনজুর আলম এক বিবৃতিতে জানান, উপজেলা যুবদল আহ্বায়ক কামাল হোসেনের নির্দেশনায় সংগঠন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় শহীদুল্লাহকে বহিষ্কার করা হয়েছে।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, মুসলিম বাজারের নূরুল আলমের ফার্মেসির সামনে ইয়াবা বিক্রেতা ও সেবনকারীরা অবস্থান করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শহীদুল্লাহকে আটক করা হয়৷ এসময় তার হেফাজত থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনে ব্যবহৃত ১২ পিস ফয়েল পেপার উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।



