সেবা প্রার্থীদের ভোগান্তি

চুয়াডাঙ্গায় বিল বকেয়া, ইউনিয়ন পরিষদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

চুয়াডাঙ্গায় বছরের পর বছর বিদ্যুৎ বিল না দেয়ায় আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

এফ এ আলমগীর, চুয়াডাঙ্গা

Location :

Chuadanga
ইউপি কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় সেবা প্রার্থীদের ভোগান্তি
ইউপি কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় সেবা প্রার্থীদের ভোগান্তি |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গায় বছরের পর বছর বিদ্যুৎ বিল না দেয়ায় আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। এর ফলে চারদিন ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে কার্যালয়টি। এক লাখ ১০ হাজার টাকা বকেয়া বিল পরিশোধ না করার কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

রোববার (২১ জুন) সকাল ১১টার দিকে সরেজমিনে বেলগাছি ইউপি কার্যালয়ে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন দেখা যায়। এ সময় সেবা প্রার্থীরা কাঙ্ক্ষিত সেবা না পেয়ে এ প্রতিবেদককে তাদের ক্ষোভের কথা জানান।

এর আগে, বৃহস্পতিবার পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বেলগাছি ইউনিয়ন পরিষদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপর থেকে পরিষদ কার্যালয় বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। বিদ্যুৎ না থাকায় পরিষদের বিভিন্ন অনলাইন সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। বৈদ্যুতিক পাখা বা বাতি বন্ধ থাকায় পরিষদের কোনো কাজই করতে পারছেন না কর্মরতরা।

বিদ্যুৎ বিচ্ছিন্ন করায় ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা স্থবির হয়ে পড়েছে, এতে সেবা বঞ্চিত মানুষ চরম অসন্তোষ প্রকাশ করেছেন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের জন্য তারা ইউপি চেয়ারম্যানের উদাসীনতা ও অবহেলাকেই দায়ী করছেন।

ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা বলছেন, বিদ্যুৎ সংযোগ না থাকায় কোনো কাজ করা সম্ভব হচ্ছে না। তাছাড়া পরিষদের আইপিএস ও সোলার প্যানেলের কার্যক্ষমতা কম থাকায় তা ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহারের উপযোগী না। ফলে প্রতিনিয়তই পরিষদে এসে ফিরে যাচ্ছেন সেবা প্রত্যাশীরা।

তথ্য অনুসন্ধানে জানা যায়, ২০২৫ সালের জুলাই মাসে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের এক সভায় এক বছরের বিদ্যুৎবিল পরিশোধের জন্য রেজুলেশন পাশ করা হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দায়িত্ব বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়। তবে, ওই বিল নির্ধারিত সময়ে পল্লী বিদ্যুৎ অফিসে জমা না দেয়ায় বকেয়া বিল আরো বেড়ে যায়।

এ বিষয়ে বেলগাছি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিয়েরাজ হোসেন বলেন, বকেয়া বিদ্যুৎবিল পরিশোধ করে দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের চেষ্টা চলছে। আশা করা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে বিল পরিশোধ করে বিদ্যুৎ সংযোগ চালুর ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে।