দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব জাতি আর গ্রহণ করবে না : জামায়াত নেতা

জামায়াতে ইসলামী নিজস্ব স্বার্থে কিংবা প্রতিহিংসার রাজনীতি করে না, গণমানুষের কল্যাণের রাজনীতি করে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka
জামায়াত নেতাকর্মীদের পথসভা
জামায়াত নেতাকর্মীদের পথসভা |নয়া দিগন্ত

দুর্নীতি-সন্ত্রাস-চাঁদাবাজ নির্মূলের লড়াই জামায়াতে ইসলামীর নেতৃত্বে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ঢাকা-৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘৫ আগস্ট জাতি আওয়ামী ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হয়েছে। এবার সন্ত্রাসবাদ নির্মূল করে নতুন বাংলাদেশকে শান্তির নীড় হিসেবে গড়ে তুলতে তবে। যারা ক্ষমতায় থাকাকালীন দেশকে দুর্নীতিতে টানা ৫ বার বিশ্ব চ্যাম্পিয়ান করেছে তারা এখন নানা রকম দফার কথা বলে দেশ গড়ার স্বপ্ন দেখিয়ে জাতিকে আবারো ধোঁকা দেয়ার চেষ্টা করছে। দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব জাতি আর গ্রহণ করবে না।’

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে জামায়াতে ইসলামী যাত্রাবাড়ী জোনের উদ্যোগে ঢাকা-৫ সংসদীয় এলাকায় ‘চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক ও ইভটিজিংমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে অনুষ্ঠিত পথযাত্রা-পূর্বক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কামাল হোসেন বলেন, ‘জামায়াতে ইসলামী নিজস্ব স্বার্থে কিংবা প্রতিহিংসার রাজনীতি করে না, গণমানুষের কল্যাণের রাজনীতি করে। যারা প্রতিহিংসার রাজনীতি করে তারাই প্রতিপক্ষের নির্বাচনী প্রচারণায় হামলা চালায় ও বাধা সৃষ্টি করে।’

পাবনা-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর প্রচারণায় গুলি করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করায় জামায়াতের প্রার্থীর প্রচারণায় প্রতিপক্ষ গুলি চালাচ্ছে। পুলিশের উপস্থিতি হামলা-ভাঙচুর ও গুলি বর্ষণ করার পরেও এখন পর্যন্ত হামলাকারী সন্ত্রাসীদের আটক করা হয়নি। জামায়াতে ইসলামী বার-বার দাবি জানিয়েছে, প্রশাসনকে দলীয়মুক্ত করতে হবে। প্রশাসনে দলীয়করণের ফলে সর্বস্তরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা যাচ্ছে না।’

জামায়াতের এ প্রার্থী বলেন, ‘অতীতে যারা এবং যাদের দল ক্ষমতায় ছিল তারা এবার ভোট চাইতে গেলে আগে জিজ্ঞেস করবেন ক্ষমতায় থাকাকালীন আমাদের জন্য ও দেশের জন্য কী করছো? জামায়াত কখনো ক্ষমতায় বসেনি। কিন্তু জনগণের যেকোনো প্রয়োজনে সবার আগে, সবখানে জামায়াতে ইসলামী ছিল, আছে ও থাকবে।’

তিনি বলেন, ‘৩১ দফা নয়, জামায়াতে ইসলামীর এক দফার অঙ্গীকার। জামায়াত ক্ষমতায় গেলে সবার আগে মানুষের মৌলিক অধিকার রাষ্ট্র দ্বারা নিশ্চিত করা হবে। বাংলাদেশের গর্বিত নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছ থেকে নিজের মৌলিক অধিকার বুঝে নিতে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।’

নিরাপদ ও বাসযোগ্য মানবিক ঢাকা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘সারাদেশের ন্যায় ঢাকা-৫ আসনকে একটি নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে জামায়াত। আগামীতে জনগণ তাকে নির্বাচিত করলে ঢাকা-৫ আসনকে সন্ত্রাস-চাঁদাবাজ-দুর্নীতিমুক্ত একটি নিরাপদ ও বাসযোগ্য মানবিক এলাকা হিসেবে জনগণকে উপহার দেয়া হবে। জনভোগান্তি দূরীকরণে নিরবচ্ছিন্ন গ্যাস, বিদুৎ ও পানি সরবরাহের পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়া শিক্ষা ও স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে প্রয়োজনীয় ব্যবস্থার পাশাপাশি শিশুদের মেধা বিকাশে খেলাধুলা ও সুস্থ বিনোদনের আয়োজন করা হবে। মাদকমুক্ত করতে যুব সমাজের জন্য খেলাধুলা ও শরীর চর্চার জন্য রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা করা হবে।’

‘আমার ঢাকা, আমাদের ঢাকা; গড়বো মোরা একসাথে’ স্লোগানে ঢাকা-৫ সংসদীয় এলাকাকে নতুন বাংলাদেশের মডেল হিসেবে গড়ে তুলতে স্থানীয়দের জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসতে আহ্বান জানান তিনি। একইসাথে জনগণকে একটি নিরাপদ ও বাসযোগ্য মানবিক শহর উপহার দেয়াই জামায়াতে ইসলামীর অঙ্গীকার।

সারাদেশের ন্যায় ঢাকা-৫ আসনের জনগণকে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা প্রতীকে সমর্থন দিতে তিনি আহ্বান জানিয়ে বলেন, ‘জাতি এবার ইনসাফ ও ন্যায়বিচারের বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর নেতৃত্বে দেশবরেণ্য আলেমদের হাতে রাষ্ট্র পরিচালনা দায়িত্ব দিতে চায়।’

জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৫ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালক আব্দুস সালামের সভাপতিত্বে এবং যাত্রাবাড়ী পূর্ব থানা আমির ও আসন পরিচালনা কমিটির সদস্য সচিব মো: শাহজাহান খানের পরিচালনায় পথসভায় ঢাকা-৫ সংসদীয় এলাকার সকল সাংগঠনিক থানা আমির-সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে ‘চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক ও ইভটিজিংমুক্ত’ নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়ক থেকে এক পথযাত্রা শুরু হয়। পরে পথযাত্রাটি দয়াগঞ্জ হয়ে সায়দাবাদ জনপদ মোড় ঘুরে ধলপুর এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।- বিজ্ঞপ্তি