দেওয়ানগঞ্জে ড্রাম্পসেতু উল্টে পাঁচ শিশু নিহতের স্থানে সেতু নির্মাণের দাবি

শনিবার (৪ এপ্রিল) দেওয়ানগঞ্জ থানার সামনে ঘটনাস্থল পরিদর্শনে এলে তদন্ত কমিটির কাছে স্থানীয়রা এ দাবি জানান।

দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

Location :

Dewanganj
২১ মার্চ দেওয়ানগঞ্জ থানার সামনে পুরোনো ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত ভাসমান সেতুটি উল্টে যায়
২১ মার্চ দেওয়ানগঞ্জ থানার সামনে পুরোনো ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত ভাসমান সেতুটি উল্টে যায় |সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জে পুরনো ব্রহ্মপুত্র নদের ওপর পৌর কর্তৃপক্ষের নির্মিত ভাসমান ড্রাম্পসেতু উল্টে পাঁচ শিশু নিহত হওয়ার ঘটনার পর থেকে নৌকায় পারাপারে বাধ্য হচ্ছে এলাকাবাসী। এ ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির কাছে ওই স্থানে জরুরিভিত্তিতে সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

শনিবার (৪ এপ্রিল) দেওয়ানগঞ্জ থানার সামনে ঘটনাস্থল পরিদর্শনে এলে তদন্ত কমিটির কাছে স্থানীয়রা এ দাবি জানান।

উল্লেখ্য, দেওয়ানগঞ্জ থানার সামনে পুরোনো ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত ভাসমান সেতুটি গত ঈদুল ফিতরের দিন ২১ মার্চ অতিরিক্ত মানুষের ভিড়ে উল্টে যায়। এ সময় সেতুর ওপর থাকা শতাধিক নারী-পুরুষ পানিতে ডুবে যায়। তখন সাঁতার জানা ব্যক্তিরা সাঁতরে পাড়ে উঠতে পারলেও পানিতে ডুবে পাঁচ শিশু নিহত হয়। এ ঘটনায় জামালপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম আব্দুল্লাহ বিন রশিদকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি তদন্ত করেছে।

এ ঘটনার পর থেকে ওই স্থান দিয়ে নদী পারাপার বন্ধ থাকে। পরে বিকল্প ব্যবস্থা হিসেবে নৌকায় নদী পারাপার শুরু করে এলাকাবাসী। এতে প্রতিদিন এলাকার মানুষকে নানা ধরনের দুর্ভোগে পড়তে হচ্ছে।

এ অবস্থায় স্থানীয়রা ওই এলাকায় জরুরিভিত্তিতে একটি সেতু নির্মাণে দাবি জানান। একইসাথে নিহত পাঁচ শিশুর স্মরণে স্মৃতিস্তম্ভ স্থাপনের দাবিও জানান তারা।