বিমানমন্ত্রী

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্রের দায়িত্ব পালন করবে, কোনো দলের নয়

‘বিগত সরকার কী করেছে বা আপনাদের কী সুবিধা দিয়েছে, তা বিবেচনা করে যদি বর্তমান সরকারের কাজ বাধাগ্রস্ত করেন, তাহলে জনগণ এটা মেনে নেবে না। জনগণ যখন ক্ষুব্ধ হয়ে আপনার অফিস ঘেরাও করবে, তখন পরিস্থিতি সামাল দেবেন কিভাবে?’

মো: শাহানুর ইসলাম, মানিকগঞ্জ

Location :

Manikganj
বক্তব্য রাখছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা
বক্তব্য রাখছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা |নয়া দিগন্ত

বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কোনো দলের নয়; বরং তারা রাষ্ট্রের অর্পিত দায়িত্ব পালন করবে। দেশের জনগণের টাকায় তাদের বেতন-ভাতা হয়। কাজেই জনগণের সেবা নিশ্চিত করতে হবে এবং দেশের স্বার্থে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘দলবাজি করে অতীতে অনেকেই জনগণকে সেবা না দিয়ে নিজেদের স্বার্থ হাসিল করেছে। বর্তমান জনগণের সরকার জনগণের জন্য কাজ করতে চায় এবং করবে। কাউকে আর অবৈধ সুযোগ দেয়া হবে না।‘

রোববার (১৪ জুন) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিমানমন্ত্রী বলেন, ‘অনেক কষ্ট ও দীর্ঘ সংগ্রামের পর বিএনপি মানুষের ভালোবাসা ও সমর্থনে নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করেছে। এখানে অনেকেই ভিন্ন মতাদর্শের হতে পারেন। কিন্তু আপনারা সরকারি কর্মকর্তা-কর্মচারী। যে সরকারই ক্ষমতায় আসুক, আপনারা রাষ্ট্রের কর্মচারী হিসেবে সেই সরকারের নীতিমালা বাস্তবায়নে কাজ করবেন।’

তিনি আরে বলেন, ‘বিগত সরকার কী করেছে বা আপনাদের কী সুবিধা দিয়েছে, তা বিবেচনা করে যদি বর্তমান সরকারের কাজ বাধাগ্রস্ত করেন, তাহলে জনগণ এটা মেনে নেবে না। জনগণ যখন ক্ষুব্ধ হয়ে আপনার অফিস ঘেরাও করবে, তখন পরিস্থিতি সামাল দেবেন কিভাবে? তাই আপনারা নিজেদের মর্যাদা ও সম্মানের জায়গায় থেকে দেশের জন্য কাজ করুন। আমরা চাই, যেকোনো মূল্যে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে।’

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানিয়ে বিমানমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের ক্ষেত্রে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আগের তুলনায় আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় মাদক নির্মূল করা সম্ভব হবে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর অবস্থান নিতে হবে।’

একইসাথে শিশুদের বিনোদন ও সুস্থ বিকাশের স্বার্থে জেলার খেলার মাঠগুলো সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের প্রতি নির্দেশনা দেন তিনি।

জেলা প্রশাসক (ডিসি) নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমসহ মানিকগঞ্জ জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা, রাজনৈতিক ব্যক্তিবর্গ।